আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে শুরু হচ্ছে ১২তম আন্তর্জাতিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। ডিসেম্বরের ১৩ থেকে ১৯ তারিখে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও উৎসবের মূল কেন্দ্র হবে জাতীয় গণগ্রন্থাগারের বেগম সুফিয়া কামাল মিলনায়তন। বাংলাদেশের ছবির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে এই উৎসবের আয়োজন করা হবে। গতকাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে নিয়মিতভাবে দ্বিবার্ষিক ভিত্তিতে এই অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। পৃথিবীর প্রায় ৪০টি দেশের ২০০ চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। এ ছাড়া নানা আয়োজনের মধ্যে থাকবে আন্তর্জাতিক বক্তৃতা, জাতীয় সেমিনার, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও বিশেষ প্রদর্শনী। উৎসবে বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিরা উপস্থিত থাকবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী, চেয়ারম্যান হাসনাত আবদুল হাই, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি মোরশেদুল ইসলাম ও মানজারে হাসিন মুরাদ।