আন্দোলনে যাচ্ছেন চলচ্চিত্রের শিল্পী ও নির্মাতারা
ভিডিও পাইরেসির সঙ্গে জড়িতদের অন্যতম অভিযুক্ত বিপ্লব অস্ত্র মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত বিপ্লবকে জামিনের আদেশ দেন। এ খবর পাওয়ার পর চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা গতকাল শনিবার সকালে এফডিসিতে এক জরুরি বৈঠক আহ্বান করেন। সেখানে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে শুরু করে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিপ্লবের জামিন আদেশ বাতিল করার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই আদেশ বাতিল না হলে মঙ্গলবার থেকে চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও শিল্পীরা কোনো শুটিং-ডাবিংয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, ‘বিপ্লবকে অস্ত্রসহ কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়। তাঁকে আটকের পর নতুন কোনো চলচ্চিত্র ভিডিও পাইরেসির শিকার হয়নি। মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো ব্যবসায়িক দিক থেকে সফল হয়েছে। এখন বিপ্লব জামিন পাওয়ায় আমরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত। বিপ্লব জামিন পাওয়ায় আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিপ্লবের জামিন আদেশ বাতিল করা না হলে এবার ঈদে কোনো ছবি মুক্তি দেওয়া হবে না।’ এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঈদের একটি ছবির প্রযোজক বললেন, ‘বিপ্লব জেলখানা থেকে বের হয়েই বগুড়ার হাকিমের সঙ্গে আবার নতুন করে ছবি পাইরেসির নেটওয়ার্ক গড়ে তুলবেন। এ কারণেই ঈদে কোনো নতুন ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছি।’উল্লেখ্য, র্যাব এ বছর জুন মাসে বিপ্লবকে অস্ত্রসহ তেজগাঁও শিল্পাঞ্চল থেকে গ্রেপ্তার করে। বিপ্লবের বিরুদ্ধে শিল্পাঞ্চল থানায় ভিডিও পাইরেসি এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে দুটি মামলা করা হয়।