আন্না হাজারের পাশে বলিউড তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ দিন অনশনের পর গতকাল রোববার সকাল ১০টায় অনশন ভাঙলেন আন্না হাজারে। অনেক বলিউড তারকাই আন্নার অনশনস্থল রামলীলা ময়দানে গিয়ে তাঁকে সমর্থন জানিয়ে এসেছেন। সংসদে আন্নার দেওয়া তিনটি শর্ত নিয়ে আলোচনা ও তারপর প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আন্না অনশন ভাঙলেন। বলিউড তারকাদের টুইটারেও এখন আন্না হাজারের প্রশস্তি। অমিতাভ বচ্চনের টুইটার-বার্তা, ‘একজন বিপ্লবীকে কয়েদখানায় রাখা যায়, কিন্তু একটি বিপ্লবকে নয়। মানুষের শক্তি নাড়িয়ে দিতে পারে পাহাড়কেও।’ শাবানা আজমি লিখেছেন, ‘এটি নতুনের সূচনা। ভারতের জনগণকে একটি অহিংস আন্দোলনের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আন্না হাজারেকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি।’ হূতিক রোশন লিখেছেন, ‘অপমান সহ্য করার শক্তিই আসল শক্তি। আন্না হাজারের মাধ্যমে ভারতীয় জনগণকে আমি সম্মান ও অভিনন্দন জানাই।’ অভিষেক বচ্চন লিখেছেন, ‘একজন মানুষ পুরো জাতির ঐক্য গড়ে দিল, শান্তিপূর্ণভাবে! স্যালুট।’ করন জোহর বলছেন, ‘মনুষ্য-সৃষ্ট হ্যারিকেন আঘাত হানল সরকারের বুকে। এ যাত্রার পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায়ই রাখেনি... আন্না হাজারে একটি ঝড়, তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।’ রাভিনা ট্যান্ডন লিখেছেন, ‘হাজার বছর বেঁচে থাকুন আন্না হাজারে।’ বিপাশার টুইটার-বার্তা, ‘আন্নাই আমাদের সত্যিকার নেতা। তাঁর এই নৈতিক শক্তি আমাদের সচেতন করেছে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করার পথ খুলে দিয়েছে এবং দুর্নীতি যে আমাদের জীবনের একটি অংশ নয়, তা দেখিয়ে দিয়েছে।’এর আগে শনিবার আমির খান ও রাজকুমার হিরানি আন্না হাজারেকে তাঁদের সমর্থন জানাতে হাজির হয়েছিলেন রামলীলা ময়দানে। আমির সেখানে ইফতার করেন এবং আন্নার ভক্তদের সঙ্গে ভজন পরিবেশনেও অংশ নেন। টিএনএন।