আন্নাকে সিনেমা উত্সর্গ
দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আন্দোলনের ডাক হয়তো ভারত সরকারের ওপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু এরইমধ্যে তিনি বলিউডবাসী তথা সিনেমার ওপর প্রভাব বিস্তার করা শুরু করেছেন। তাঁর এই আন্দোলনের নমুনা দেখে পরিচালক ইশরাক শাহ তাঁর ছবিটাই আমূল পাল্টে দিচ্ছেন। ইক বুড়া আদমি নামের ওই ছবিতে রাজনীতি ও অপরাধের মধ্যে যে সেতুবন্ধন তাই দেখানো হয়েছে। শেষদিকে নায়ক মারা যান। কিন্তু ভারতে চলমান আন্দোলনের গতিপ্রকৃতি দেখে পরিচালক সিদ্ধান্ত পাল্টেছেন। নায়ককে মারা যাবে না, বাঁচিয়ে রাখতে হবে। সে জন্য ছবির পাণ্ডুলিপিতে পরিবর্তন আনছেন ইশরাক। তাঁর ভাষ্য, ‘আন্না হাজারে মরতে পারেন না। বাস্তবের আন্নাই তো কত শক্তশালী। ছবিতে এমন একজন নেতার মৃত্যু হতে দেওয়া যায় না। তাই ছবির শেষাংশটা পাল্টানো হচ্ছে।’ ইক বুড়া আদমি ছবিটি আন্না হাজারেকে উত্সর্গ করা হবে বলে পরিচালক জানিয়েছেন। মিডডে।