আপত্তি ওঠায় রাশিয়ায় ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ মঞ্চায়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রখ্যাত মঞ্চনির্দেশক ও সংগীতশিল্পী অ্যান্ড্রু লয়েড ওয়েবার নির্দেশিত রক ঘরানার অপেরা ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’-এর প্রদর্শনী বাতিল করা হয়েছে রাশিয়ায়। সম্প্রতি একদল অর্থোডক্স খ্রিষ্টান প্রতিবাদকারীর বাধার মুখে এর প্রদর্শনী বাতিল করেছেন আয়োজকেরা। আগামী মাসে রাশিয়ার রোস্তভ ফিলহারমোনিক হলে অপেরাটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল।প্রতিবাদী অর্থোডক্স খ্রিষ্টানেরা অভিযোগ তোলেন, অপেরাটিতে জিসাস ক্রাইস্টকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এর প্রদর্শনী বাতিল করে দেন আয়োজকেরা। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বিবিসি।১০ লাখ লোকের বসবাস রাশিয়ার রোস্তভ শহরে। সম্প্রতি শহরটির প্রশাসনিক কেন্দ্র রোস্তভ-অন-ডনে জড়ো হয়ে অভিযোগ দায়ের করেন একদল প্রতিবাদকারী। এ ছাড়া অপেরাটির প্রদর্শনী বন্ধের দাবি জানিয়ে ফিলহারমোনিক হলের কর্তৃপক্ষ বরাবর একটি চিঠিও পাঠানো হয়।প্রসঙ্গত, ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ যুক্তরাজ্যে প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯৭১ সালে। পরের বছর মঞ্চের অস্কারখ্যাত টনি পুরস্কার জিতে নেয় এটি। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে অপেরাটি। ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ অবলম্বনে একাধিক চলচ্চিত্রও নির্মিত হয়েছে। শুধু তাই নয়, দুই দশক ধরে রাশিয়ার বিভিন্ন থিয়েটারে অপেরাটি মঞ্চস্থ হয়েছে।