আপনার চেয়ে আপন যে জন
‘কাবেরী নদী জলে’, ‘মোর ঘুম ঘোরে এলে’, ‘জানি জানি প্রিয়’, ‘বেল ফুল এনে দাও’, ‘শুকনো পাতার নূপুর পায়ে’, ‘বর্ষা ঋতু এলো এলো’—কাজী নজরুল ইসলামের এমনই ১৯টি গান আছে আপনার চেয়ে আপন যে জন ও নাচের গান শিরোনামের দুটি অ্যালবামে। গেয়েছেন শিল্পী ফেরদৌস আরা। গতকাল বুধবার বিকেলে ছিল এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও নাট্যনির্মাতা ইজাজ খান। মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে শিল্পী অ্যালবামের বেশ কয়েকটি গান গেয়ে শোনান।রাজরূপার সন্ধ্যারাগ: সরোদ-বাদনের অ্যালবাম ইভিনিং রাগস। এতে শ্যামকল্যাণ ও রাগেশ্রীর দুটি সুর বাজিয়েছেন রাজরূপা চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় ছিল বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত এ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের উপরাষ্ট্রদূত সঞ্জয় ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগীতবোদ্ধা আলিমুর রহমান খান ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। মোড়ক উন্মোচন শেষে ছিল রাজরূপা চৌধুরীর সরোদবাদন।