আপনার প্রশ্ন, তারকার উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বিভাগ আপনাদের। এখানে পাঠকের মুখোমুখি হচ্ছেন বিনোদন জগতের তারকারা। তাঁরা আপনাদের পাঠানো যেকোনো প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন। আজ এই বিভাগে হাজির হয়েছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।


এত পেশা থাকতে এই পেশায় কেন এসেছেন?
আমার কোনো দোষ নেই, ভাই। আমার কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছে বোধ হয়। আমি সব সময়ই মানুষের মনের ভেতর ডুব দিয়ে জানতে চেয়েছি, কী খেলা করে সেখানে। মানুষের জানালায় উঁকি দিয়ে জানতে চেয়েছি, কী ছবি চলে ভেতরে। একমাত্র সিনেমা আমাকে এভাবে মানুষের মনের, জীবনের অলিতে-গলিতে ভ্রমণ করতে দেয়। তাই আমি এই পেশায়, যদি আদৌ এটাকে পেশা বলা যায়।

এই পেশায় আসার ক্ষেত্রে পরিবারের কতটুকু সমর্থন পেয়েছেন?
আমার মা-বাবা ভীষণ পরহেজগার ও পুরোনো দিনের মানুষ। এ কাজটা সম্পর্কে তাঁদের বিশেষ কোনো ধারণা ছিল না। ফলে তাঁরা উৎসাহ-অনুৎসাহ কোনোটাই দেননি। তবে সন্তান হিসেবে আমার সব উদ্যোগেই তাঁদের শুভকামনা ছিল, এইটুকু বুঝতাম।

আপনার আইডল কে?
মানুষ সুন্দর। কারণ মানুষেরা আলাদা। কেউ কারও মতো হওয়ার তো কিছু নেই।

বাংলাদেশের সিনেমার অবস্থাকে কোথায় দেখতে চান?
আমি চাই, বাংলাদেশের সিনেমা তার নিজের একটা পরিচয়ে দাঁড়াক। দেখে কেউ যেন এটাকে ভারতীয় সিনেমার বা অন্য কোনো সিনেমার গরিব সংস্করণ না ভাবে। আমাদের মানুষেরা ইউনিক, আমাদের গল্পগুলো ইউনিক, আমাদের সিনেমা সেই মানুষ আর গল্পগুলো ধারণ করুক।

আপনার কাছে সফলতার সংজ্ঞা কী?
পৃথিবীর লম্বা টাইমলাইনের দিকে তাকালে সফলতা-ব্যর্থতা বা সার্থকতা বলে কিছু চোখে পড়ে না। যেখানে সবকিছুই অর্থহীন ধূলিকণার মতো পড়ে রইবে, যেমন পড়ে আছে আজকের মঙ্গলগ্রহ, সেখানে সার্থকতার গান কী করে গাই? তবে এই আপাত ভেলকির জীবনে একটা জিনিসকেই সার্থকতা হিসেবে মনে হয়, সেটা হলো বাবা-মায়ের মুখে হাসি তুলে দিতে পারা।

প্রশ্নগুলো পাঠিয়েছেন তারেকুর রহমান, মিরপুর, ঢাকা

ঘোষণা
বিনোদন জগতের প্রিয় তারকার কাছে আপনার মনে জমে থাকা প্রশ্নের ঝুড়িটি খুলে ফেলুন। পৌঁছে দিন আমাদের কাছে। সঙ্গে পাঠান আপনার নাম ও পূর্ণ ঠিকানা। আমরা সেগুলো নিয়ে মুখোমুখি হব আপনার প্রিয় তারকার সামনে। তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী একটি সংখ্যায়।

চিঠি পাঠাতে খামের ওপর লিখুন
আপনার প্রশ্ন তারকার উত্তর
বিভাগীয় সম্পাদক, আনন্দ, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ অথবা

ইমেইল করুন এই ঠিকানায়
[email protected]