আপনার প্রশ্ন, তারকার উত্তর

আনন্দ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান।
আপনি একসঙ্গে গান, অভিনয় ও শিক্ষকতার সঙ্গে জড়িত। এর মধ্যে আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনটি? কোনটি বেশি আনন্দদায়ক এবং নিজেকে কী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
মোরছালিন ইসলাম
ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তাহসান: সবচেয়ে আনন্দ গানে। আর গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের বিনোদন জগতে ভালো কিছু করা, যেন আমার দেশ আর মানুষ আমার দেশের বিনোদন জগৎ নিয়ে গর্ব করতে পারেন। আর পরিচয়? এখন স্বপ্ন দেখি লেওনার্দো দ্য ভিঞ্চি বা সত্যজিৎ রায়ের মতো একজন পলিম্যাথ (বহুমুখী প্রতিভা) হব। সেই শিখরে হয়তো পৌঁছাব না, কিন্তু স্বপ্ন দেখতে দোষ কী?
আমি যদি তাহসান ভাইয়াকে আমার বাসায় দাওয়াত করি, তাহলে কি আসবেন?
মো. শিবলু ইসলাম
করটিয়া, টাঙ্গাইল
তাহসান: আগে অবসর নিয়ে নিই। তারপর ভক্তদের বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে শেষ জীবনটা কাটিয়ে দেব। কী বলেন?