আপাতত অ্যালবাম আনছে না ফেস টু ফেস
ফেস টু ফেস ব্যান্ড আপাতত তাদের নতুন কোনো অ্যালবাম বাজারে আনছে না। পাইরেসির বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা প্রথম আলোকে জানিয়েছেন ফেস টু ফেসের অন্যতম সদস্য এস আই টুটুল। শুধু ব্যান্ডেরই নয়, এস আই টুটুল আপাতত নিজের একক অ্যালবামও বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।টুটুল বললেন, ‘পাইরেসির কারণে ব্যক্তিগত অ্যালবামের ক্ষেত্রে আমি এবং ব্যান্ডের ক্ষেত্রে সবাই একমত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। তবে তার মানে এই নয় যে আমরা নতুন কাজ বন্ধ রেখেছি। অনেক নতুন গান তৈরি করেছি। আর এ গানগুলো আমরা বিভিন্ন কনসার্টে পরিবেশন করছি। নতুন গানগুলোর মধ্য থেকে কোনো কোনোটি জনপ্রিয়তাও পাচ্ছে।’টুটুল জানান, ফেস টু ফেসের অপ্রকাশিত গানগুলো নিয়ে এই মুহূর্তে দুটি নতুন অ্যালবাম করা সম্ভব।ফেস টু ফেসের দলনেতা পার্থ মজুমদার বললেন, ‘পাইরেসির কারণে বড় প্রযোজনাপ্রতিষ্ঠানগুলো এখন নতুন অ্যালবাম প্রকাশের ব্যাপারে আগ্রহী হয় না। একটি অ্যালবাম বাজারে আসার আগেই শিল্পী ও অডিও-প্রতিষ্ঠানকে অনেক খরচ করতে হয়। কিন্তু পাইরেসির কারণে পুরো আয়োজনটাই ব্যর্থ হয়। এ অবস্থায় পাইরেসির বিরুদ্ধে কাউকে এগিয়ে আসতে হবে। তাই আমরা নতুন অ্যালবাম না করার সিদ্ধান্ত নিয়েছি। পাইরেসির ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বাজার থেকে ক্যাসেট বা সিডি কিনলে সবাই তাদের পারিশ্রমিক পায়। ফলে সুস্থ ও সুন্দর গান করতে সবাই অনুপ্রাণিত হবে।’ এ পর্যন্ত ফেস টু ফেসের দুটি অ্যালবাম বাজারে এসেছে।