আপাতত মঞ্চে ফেরা হচ্ছে না মিলনের
কথা ছিল এ বছরের মার্চ মাসে দেশ নাটকের উত্সব শুরু হবে। আর এ উত্সবের মধ্য দিয়েই দীর্ঘদিনের পরিচিত মঞ্চে ফিরবেন অভিনেতা আনিসুর রহমান মিলন। সেভাবেই সবকিছু পরিকল্পনাও করেছিলেন একসময়ের মঞ্চ এবং বর্তমান সময়ের টিভি ও চলচ্চিত্র অভিনেতা আনিসুর রহমান মিলন। কিন্তু নানা কারণে আর উত্সবটি করা সম্ভব হয়ে ওঠেনি। আর তাই আপাতত মঞ্চে ফেরাও সম্ভব হচ্ছে না তাঁর।মিলন বলেন, ‘শুনেছি এ বছরের শেষ দিকেই দেশ নাটকের উত্সব হবে এবং সেটার মাধ্যমেই মঞ্চ নাটকে ফিরব।’উত্সব ছাড়া কি মঞ্চে ফেরা হবে না—এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, আসলে উত্সবে বেশ কয়েকটি পুরোনো নাটক মঞ্চস্থ করা হতো। এগুলোর প্রায় সবগুলোতেই আমার অভিনয় করা হয়েছে। শুধু মহড়ায় অংশ নিলে বাকি কাজগুলো করা সম্ভব হতো। কিন্তু নতুন কোনো প্রযোজনায় অংশ নিতে হলে প্রায় তিন মাস শুধু মহড়ায়ই ব্যয় করতে হবে। টিভি নাটক, চলচ্চিত্র ও অন্যান্য ব্যস্ততার জন্য যা এখন আসলে সম্ভব হবে না। তাই পুরোনো নাটক হলেই সবচেয়ে বেশি সুবিধা হতো।’বর্তমানে মিলন খণ্ড ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক সময়ে শুটিং করা উল্লেখযোগ্য নাটকের মধ্যে আগন্তুক। এ নাটকে তিনি একজন বাউল ফকিরের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া নাটকটিতে নিজের কণ্ঠে গানও করেছেন। আর বাউলেরা যে পোশাক ব্যবহার করেন, তাঁকেও তা-ই দেওয়া হয়েছে বলে জানান মিলন।নাটক ছাড়া মিলন ‘শুয়াচান পাখি’ নামের একটি চলচ্চিত্রে শুটিং করছেন। বর্তমানে ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে আগামী জুন মাস থেকে। শুয়াচান পাখি চলচ্চিত্রে মিলন ছাড়া আরও অভিনয় করছেন নওশীন ও শশী।