আপাতত ‘কৃশ ৩’ ত্রিমাত্রিক নয়
শুরুর দিকে ‘কৃশ ৩’ ত্রিমাত্রিক ছবি হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন এর প্রযোজক ও পরিচালক রাকেশ রোশন। তবে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এ মুহূর্তে টুডি বা দ্বিমাত্রিক ফরম্যাটেই ছবিটির শুটিং চলছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিওআই জানিয়েছে, অ্যাকশনধর্মী সাইফাই ছবিটির শুটিং করা হচ্ছে টুডি ফরম্যাটে। ছবির সেটে কাজ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন ছবির নির্দেশক-পরিচালক টনি চিং। শুরুতে থ্রিডি বা ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক ফরম্যাটে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আপাতত তা আর হচ্ছে না। কৃশ ৩ ছবিটি মুক্তি পাবে আগামী বছর দীপাবলি উত্সবের সময়। মুক্তির আগে আগে বাজার চাহিদা দেখা দিলে ছবিটি থ্রিডি ফরম্যাটে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রটি আরো জানিয়েছে, প্রত্যাশা করা হচ্ছে, বলিউডের ছবির ইতিহাসে কৃশ ৩-তেই এযাবত্ কালের সেরা ভিজুয়াল ইফেক্টস দেখার সুযোগ পাবেন দর্শকেরা। আন্তর্জাতিক ছবিতে কাজ করেছে এমন একটি দল এরই মধ্যে ছবিটির ভিজুয়াল ইফেক্টস এবং গ্রাফিকেসর কাজ শুরু করেছে। অন্ততপক্ষে ছয় মাস কাজ করবে দলটি। ‘কৃশ’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এতে সুপার হিরো কৃষ্ণা মেহরা বা কৃশ চরিত্রে অভিনয় করেন হূতিক রোশন। এবারের সিক্যুয়েলেও অভিনয় করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয়, রেখা প্রমুখ।