আপিল বোর্ডেও ‘হূদয় ভাঙা ঢেউ’কে ‘না’
শেষ পর্যন্ত আপিল বোর্ডও হূদয় ভাঙা ঢেউ ছবিটি প্রদর্শনের অযোগ্য বলে ঘোষণা করে সেন্সর বোর্ডের সিদ্ধান্ত বহাল রেখেছে। গত বুধবার আপিল বোর্ডের সাত সদস্যের মধ্যে ছয়জনই ছবিটি দেখে মৌখিকভাবে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেন।মন্ত্রিপরিষদের সচিব আবদুল আজিজের সভাপতিত্বে ছবিটি দেখেন তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, সাংসদ সারাহ বেগম কবরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহাবুবা নাসরিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার।জানা গেছে, হূদয় ভাঙা ঢেউ ছবিটিকে আলোর মুখ দেখাতে হলে পরিচালককে এখন আপিল বোর্ডের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট মামলা দায়ের করতে হবে অথবা যে কারণে ছবিটি প্রদর্শনের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে, নির্মাতাকে আপত্তিকর সেই বিষয়গুলো ছবি থেকে বাদ দিয়ে পুনরায় বিবেচনার জন্য আবেদন জানাতে হবে।