আপেল মাহমুদ ৫ প্রশ্ন
সম্প্রতি মঞ্চস্থ হলো জাতীয় রেপারটরি থিয়েটারের প্রযোজনা টার্গেট প্লাটুন। মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন আরণ্যক নাট্যদলের কর্মী আপেল মাহমুদ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ‘টার্গেট প্লাটুন’ নাটকে আপনি গ্রামের একজন শিক্ষক। নাটকে দেখা যায়, যুদ্ধক্ষেত্রেও সেই শিক্ষকতার আদর্শ ধরে নেতৃত্ব দিচ্ছেন...নাটকে নিশিকান্ত গ্রামের মানুষ—ভূগোল শিক্ষক। মুক্তিযুদ্ধের সময় গ্রামের অনেকেই ভারতে চলে যান। কিন্তু নিশিকান্ত গ্রামের একদল যুবকের সঙ্গে যুদ্ধে যোগ দেন। যেহেতু তিনি ভূগোল শিক্ষক, তাই ভৌগোলিক ব্যাপারে তাঁর জ্ঞান মুক্তিযোদ্ধাদের কজে লাগে—নিশিকান্ত ভৌগোলিক জ্ঞানের কারণে ঠিক পরামর্শ দিতে পারেন। ফলে, মুক্তিযোদ্ধারা সুসংগঠিত হয়ে এগিয়ে যেতে পারেন।‘ইবলিশ’ নাটকে নতুনভাবে আবদুল্লাহ চরিত্রে আপনি অভিনয় করলেন...ইবলিশ একসময় খুবই জনপ্রিয় নাটক ছিল। আবদুল্লাহ চরিত্রটিও জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করেন তুষার খান। তিনি অসুস্থ থাকার কারণে আমার সুযোগ হয়েছে। তবে এ নাটকে অভিনয় করতে পেরে আমি খুশি। চরিত্রটির মহড়া করার জন্য খুব কম সময় পেয়েছি। একই সঙ্গে নাটক শেষে দলের বড়দের কাছ থেকে পেয়েছি প্রশংসাও। ইবলিশ-এ সুযোগ দেওয়ার জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ।আরণ্যক নাট্যদলের একাধিক নাটকে একাধিক বিকল্প চরিত্রে আপনাকে অভিনয় করতে দেখা যাচ্ছে...হ্যাঁ, বেশ কয়েকটি নাটকে বিকল্প চরিত্র করছি। ময়ূর সিংহাসন নাটকে টাউন হলের অমূল্য, সংক্রান্তিতে মমরেজ খাঁ, আবার ইবলিশ-এ আবদুল্লাহ। আমি মনে করি, এটি আমার জন্য সৌভাগ্য। দল আমার প্রতি নির্ভরতা পাচ্ছে বলেই চরিত্রগুলোয় সুযোগ পাচ্ছি আমি। এটা আমার অভিনয়জীবনের প্রাপ্তি।আপনি চাকরি করেন। একই সঙ্গে দলের সব প্রযোজনায় নিয়মিত অভিনয়ও করেন। সমস্যা হয় না?আমি বিশ্বাস করি, আন্তরিকতা থাকলে সবই সম্ভব। থিয়েটার ও চাকরি একসঙ্গেই করা যায়। এর আগে আমি আটটি চাকরি ছেড়েছি। থিয়েটার করতে গিয়ে ব্যাটে-বলে মেলেনি, তাই চাকরিগুলো ছেড়েছি।আপনাদের দলে আপনার সমসাময়িক বেশ কয়েকজন নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আপনি আছেন অভিনয় নিয়েই...প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমার লক্ষ্য ভালো অভিনেতা হওয়া। তাই নির্দেশনা নয়, অভিনয়ই করতে চাই। আমি মনে করি, এখনো অভিনয়ের ‘অ’ও শিখতে পারিনি। এখন দলে একাধিক নাটকে অভিনয় করছি। এভাবে অভিনয়টা ভালো করে রপ্ত করার চেষ্টায় আছি।