আপ্যায়নের কাজটা করতেন দুজন মিলে
বিয়ের আগে দুই বোন ঈদের সময় কোনো দিনই রান্নাঘরে ঢোকেননি। তাঁদের কাজ ছিল ঘরবাড়ি সাজানো। কেউ ফুল কিনে আনতেন, কেউ বা ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। ঈদের দিন অনেক মেহমান আসবে, তাদের আপ্যায়নের সব বন্দোবস্ত করতেন তাঁরা দুজনই।আর কেনাকাটা?বিপাশা কেনাকাটা করতে যেতেন না। খুব প্রয়োজন হলে আড়ংয়ে যেতেন। সব কেনাকাটা নাতাশাই করতেন। নাতাশা পছন্দ করে বিপাশার জন্য জামাকাপড় নিয়ে আসতেন। বোনের পছন্দের তারিফও করতেন বিপাশা। ঈদে নাতাশার যা যা প্রয়োজন, বিপাশা সব এনে দিতেন। দেখা গেল, ঈদের আগে দেশের বাইরে গেলেন বিপাশা। নিজের জন্য টুকটাক কেনাকাটা করলেও বোনের জন্য সুটকেস-ভর্তি কাপড়চোপড় আর সাজগোজ করার জিনিসপত্র এনে হাজির।‘মজার ব্যাপার হচ্ছে, বিয়ের আগে আমরা দুই বোন বাসার সবকিছু একসঙ্গে পরিকল্পনা করেই করতাম। কিন্তু একটা বিষয় ভেবে পাই না আজও, আপুনি ও আমি কখনোই সালাম করে ঈদি নিইনি। অবশ্য বিয়ের পর তৌকীর ভাইকে সালাম করেছি আর ঈদি নিয়েছি।’ বলছিলেন নাতাশা।নাতাশা ছোট হলেও বিপাশাকে প্রতি ঈদে কিছু কিছু উপহার দিতেন। ‘ওর এই প্রতিটি উপহারই ছিল আসলে আমার কাছে বিশেষ কিছু। আমি যখন ওর কাছ থেকে উপহারসামগ্রী নিতাম আর ধন্যবাদ বলতাম, তখন নাতাশা যে কী খুশি হতো, সেসব দিন এখনো মনে পড়ে আমার।’ বলছিলেন বিপাশা।দুই বোনের আনন্দ আর উৎসবের ঈদে কিছুটা ছেদ পড়ে বিপাশার বিয়ের পর। নাতাশা অনেকটাই একা হয়ে যান। ‘আপুনির বিয়ের পর প্রথম ঈদে আমার তো ভীষণ কান্না পেল। আপুনি নেই। প্রতিটি মুহূর্তই আমি আপুনিকে মিস করেছি। মনে হয়েছে অনেক কিছুর অভাব। আসলে আপুনির অনুপস্থিতি আমাকে খুবই কষ্ট দিচ্ছিল। এমনিভাবে কয়েকটি ঈদ আমার কাছে খারাপ লেগেছে। এখনো ঈদ এলে আমরা দুই বোন অনেক কিছুই ভাগাভাগি করি। যেমন—আমার মনে পড়ছে, আগে মেহেদির টিউব পাওয়া যেত না। ঈদ এলে বাজার থেকে মেহেদিপাতা কিনে এনে তা পাটায় পিষে আমি আপুনির হাতে লাগিয়ে দিতাম। ঈদের আগের রাত এমনি করে জেগে থাকতাম। এখন অনেক মিস করি সেসব দিন।’ বললেন নাতাশা।