আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলেছেন জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির হাত ধরে সম্প্রতি যাত্রা শুরু করেছে দ্য এডুকেশন পার্টনারশিপ ফর চিলড্রেন অব কনফ্লিক্ট ফাউন্ডেশন। এর মধ্যেই প্রতিষ্ঠানটির মাধ্যমে আফগানিস্তানে স্কুল খুলেছেন জোলি। আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন ৩৭ বছর বয়সী হলিউডের এ তারকা অভিনেত্রী। এ স্কুলে ২০০ থেকে ৩০০ জন ছাত্রী পড়া-লেখার সুযোগ পাবে। স্কুল পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহের দায়িত্ব পালন করবেন জোলি নিজেই। ভবিষ্যতে এ ধরনের আরও অনেক স্কুল খোলার পরিকল্পনা রয়েছে জোলির। আফগানিস্তানে স্কুল খোলার মধ্য দিয়ে মহত্ সেই উদ্যোগের যাত্রা শুরু করলেন দাতব্য কাজের জন্য সুপরিচিত এ তারকা। জানিয়েছে ‘ফোর্বস ম্যাগাজিন’।নিজের নতুন ফাউন্ডেশনের অর্থ তহবিল গঠনের জন্য জোলি তাঁর নকশা করা গয়না বিক্রির পরিকল্পনাও করেছেন। এজন্য তিনি ‘স্টাইল অব জোলি’ নামে একটি প্রতিষ্ঠানও খুলেছেন। খুচরা বিক্রেতাদের কাছ থেকে জোলির নকশা করা গয়না কেনার সুযোগ পাবেন ভোক্তারা। এর মাধ্যমে অর্জিত আয়ের পুরোটাই ব্যয় করা হবে দ্য এডুকেশন পার্টনারশিপ ফর চিলড্রেন অব কনফ্লিক্ট ফাউন্ডেশনের পেছনে।এ প্রসঙ্গে জোলি বলেন, ‘গয়নার নকশা করার মতো সৃষ্টিশীল কাজের আনন্দ পাওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যও পূরণ করতে চলেছি আমরা।’