আফজাল অংকে শূন্য পেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
আফজাল হোসেন

তাঁদের চেনেন আপনি। আপনি তারকাদের সম্পর্কে জানেনও—কিন্তু ঠিক কতটা জানেন? আপনার প্রিয় তারকা সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য
 আফজাল হোসেনের প্রধান পরিচয় অভিনেতা হিসেবে। কিন্তু আপনি কি জানেন, ছোট পর্দার এই চিরসবুজ অভিনেতার খ্যাতি আছে চিত্রশিল্পী হিসেবে? প্রচ্ছদশিল্পী হিসেবেও তিনি বিখ্যাত—এ পর্যন্ত প্রায় হাজার খানেক বইয়ের প্রচ্ছদ করেছেন। ১৯৭১ সালে আর্ট কলেজে (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) চিত্রকলা বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সেখান থেকে ১৯৭৪ সালে স্নাতক ও ১৯৭৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন, রফিকুন নবী তাঁর সরাসরি শিক্ষক। ছাত্রাবস্থায় থাকতেন নীলক্ষেতের শহীদ শাহনেওয়াজ হলে। শিল্পী রণজিৎ দাশ তাঁর সহপাঠী।
 অভিনয়, ছবি আঁকার পাশাপাশি লেখালেখিও করেন তিনি। এ পর্যন্ত চারটি উপন্যাস ও দুটি কবিতার বই বেরিয়েছে তাঁর। উপন্যাস—বিরহকাল, কানামাছি, পারলে না রুমকী এবং কুসুম ও কীট। আর কবিতার বইগুলো হলো, তিন নারীর পাঠশালা ও শুধু একটা পা।
 তাঁর লেখা প্রথম গল্প প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালে কলকাতার বশিরহাটের একটি পত্রিকায়। মজার ব্যাপার হলো, প্রথম প্রকাশিত গল্পটি তিনি লিখেছিলেন নীরেন্দ্রনাথ মিত্র ও বিমল করের লেখা নকল করে। পরে ওই নকল করার পাপবোধই তাঁকে লেখক করে তুলেছে।
 একসময় অংক বিষয়টি নিয়ে সাংঘাতিক ভীতি ছিল তাঁর। এসএসসির টেস্ট পরীক্ষায় অংকে সর্বনিম্ন কম নম্বর ‘শূন্য’ পেয়েছিলেন। পরে অংক মুখস্থ করে এসএসসি পরীক্ষায় পঞ্চাশের বেশি নম্বর পেয়েছেন। এই অংকের হাত থেকে বাঁচতেই তিনি ভর্তি হয়েছিলেন আর্ট কলেজে।
 নাটকে প্রথম তাঁর হাতেখড়ি হয় সাতক্ষীরার পারুলিয়ায় নিজের গ্রামে নবাব সিরাজউদ্দৌল্লা নাটকে অভিনয়ের মাধ্যমে। তখন তিনি সপ্তম শ্রেণীর ছাত্র।
 চারুকলার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে পদ্ধতিগতভাবে প্রথম অভিনয় করেন বিদায় মোনালিসা নাটকে। তখন তিনি চারুকলার সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
 অভিনেতা সজল সম্পর্কে তাঁর ভাগনে।
 মিষ্টি খুব পছন্দ এই অভিনেতার। এ ছাড়া পুরু সরযুক্ত দুধের সঙ্গে পাকা আম মেখে খাওয়া গেলে তো কথাই নেই!
 চিকিৎসকের নিষেধের কারণে এখন খেতে পারেন না গরুর মাংস, চিংড়ি মাছের মতো প্রিয় খাবার।
 আফজাল হেসেনের দুই ছেলে। বড় ছেলে আরাফ আফজালের বয়স ১৮ বছর। সে সানবিম স্কুলে ও লেভেলে পড়ছে। আর ছোট ছেলে ঈমান আফজাল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
গ্রন্থনা: আলতাফ শাহনেওয়াজ