আফজাল হোসেনকে ৫ প্রশ্ন
ঢাকা থিয়েটারের একাধিক জনপ্রিয় নাটকের অভিনেতা আফজাল হোসেন। ১০ বছর ধরে মঞ্চে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। তবে ঢাকা থিয়েটারের সঙ্গে তাঁর সম্পর্কচ্ছেদ ঘটেনি। দলের হয়ে সর্বশেষ কেরামত মঙ্গল নাটকে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। ঢাকা থিয়েটারের অভিনয়জীবন নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনপছন্দের চরিত্রআমার মনে হয়, মঞ্চে কেউই চরিত্র পছন্দ-অপছন্দ করে কাজ করেন না। টেলিভিশন নাটকে অভিনয় করে যেমন আলাদা করে ভালো লাগার চরিত্রের কথা বলা যায়, মঞ্চের ক্ষেত্রে সেটা বলা কঠিন। কেননা, এখানে দলের সবাইকে নিয়ে একটি নাটক করতে হয়। আমার প্রথম নাটক ছিল ঢাকা থিয়েটারের সংবাদ কার্টুন। সেখানে চরিত্রটি ছিল সূত্রধর। সর্বশেষ কেরামত মঙ্গল। সেখানে তিনটি চরিত্রে অভিনয় করেছি। চশমা ডাকাত, রাজার কমান্ডার ও মির্জা। এই তিনটি চরিত্র কোথাও গিয়ে হয়তো মিলেছে। কিন্তু তিনটি চরিত্রেরই আলাদা আবেদন রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো নাটক করেছি, সব কটি নাটকেরই নিজের পছন্দের চরিত্র আলাদা করে বলা কঠিন। কেননা, প্রতিটি চরিত্রই আমি উপভোগ করেছি।প্রিয় সহশিল্পীমঞ্চে একটি নাটক তৈরি হয় একাধিক শিল্পীর সমন্বয়ে। সে ক্ষেত্রে অভিনয় করার সময় সবার সঙ্গে চরিত্রের প্রয়োজনে কাজ করতে হয়। আর মঞ্চ থিয়েটার একটা পরিবারের মতো। সেখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে হয়। সবার সবাই-ই প্রিয় হয়ে ওঠে। তবে একান্তভাবে যদি বলি তাহলে বলব, ঢাকা থিয়েটারে কাজ করতে গিয়ে সহশিল্পী হিসেবে হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো হয়েছে।মনে রাখার মতো মঞ্চনাটকআমি ১০ বছর হবে মঞ্চের সঙ্গে নিয়মিত থাকতে পারিনি। তবে ঢাকা থিয়েটারের নাটক দেখা আমার বন্ধ হয়নি। এর মধ্যে যৈবতী কন্যার মন, বিনোদিনী, নিমজ্জন কিংবা ধাবমান অথবা সংবাদ কার্টুন থেকে ঢাকা থিয়েটারের সব নাটকেরই আলাদা বৈশিষ্ট্য বহন করে। ভাষার শৈল্পিকতা বা আঙ্গিক বলেন, সব নাটকের ক্ষেত্রে একটি থেকে অন্যটিকে আলাদা করেছে। হয়তো একটা নাটক দেখে মন ভরে যাচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যে আরেকটি নাটক এসে সেই ভালো লাগাকে ছাপিয়ে নতুন ভালো লাগা তৈরি করছে। ঢাকা থিয়েটারের সব নাটকই মন ভরে যাওয়ার মতো। মনে রাখার মতো অভিজ্ঞতাআমি কেরামত মঙ্গল নাটকে চশমা ডাকাতের চরিত্রে অভিনয় করতাম। আচরণে, ভাষায়, শারীরিক ভঙ্গিমায় চরিত্রটি ছিল ভয়ংকর। চরিত্রটি করার সময় একটা কালো চশমা পরে থাকতাম। চরিত্রটি এক কথায় সুস্থ, স্বাভাবিক ছিল না। একবার চরিত্রটি করতে গিয়ে চশমা না পরেই মঞ্চে উঠে গিয়েছিলাম। ফলে চোখ চশমার আড়ালে না থাকায় চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ সমস্যা হয়েছিল। যতক্ষণ মঞ্চে ছিলাম, পুরো সময়ই নিজের মধ্যে অস্বস্তি লেগেছিল।আবার ফেরা হবে কিআমি ঢাকা থিয়েটারে সর্বশেষ কেরামত মঙ্গল নাটকে অভিনয় করি। নাটকটি এখন আর মঞ্চে নেই। তা-ও অনেক দিন হয়ে গেল। ১০ বছর হবে ঢাকা থিয়েটারে নিয়মিত না। তবে সব সময়ই যোগাযোগ আছে। মাঝখানে আবার অভিনয়ের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। অভিনয় না করলেও দলের সব নাটকেই কোনো না-কোনোভাবে সংশ্লিষ্ট থাকার চেষ্টা করি। আবার কবে ঢাকা থিয়েটারের হয়ে অভিনয় করব, তা এখন বলা মুশকিল।