আফজাল হোসেনের উপস্থাপনায় ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের উপস্থাপক আফজাল হোসেন বলেন, ‘এটি আসলে ভিন্ন একটি ফরম্যাটের অনুষ্ঠান। উপস্থাপনার ভিন্ন আঙ্গিক এবং অনুষ্ঠানের সৌন্দর্যবর্ধনের জন্য থাকছে কিছু র্যাম্প মডেলও।’ এবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায়। তাই অনুষ্ঠানজুড়েই মোগল আমলের একটা আবহ রাখার পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠানে থাকবে চারটি হাতি ও ২৫টি ঘোড়া। বিভিন্ন নাট্যদলের ছেলেমেয়েরা রাজরানি ও রাজদরবারের বিভিন্ন চরিত্রে অংশ নেবেন। অনুষ্ঠানে পঞ্চকবির গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মৃদুল কান্তি চক্রবর্তী, লিলি ইসলাম, সাদি মহম্মদ ও সাদিয়া আফরিন মল্লিক। লোকগান করবেন ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী, নাশিদ কামাল, কিরণচন্দ্র রায় ও দিলরুবা খান। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করবেন ফাহমিদা নবী, শাফিন আহমেদ, আগুন, ইমন সাহা ও বাপ্পা মজুমদার। পপগান করবেন ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ ও ফকির আলমগীর। এ সময়ের গানের শিল্পীরা হলেন কণা, আরফিন রুমি, মিলা ও বালাম। অনুষ্ঠান শেষ হবে সব শিল্পীর গাওয়া শিরোনাম সংগীতের মধ্য দিয়ে।শাহিদুল আলম সাচ্চুর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে।