আফজাল হোসেনের ‘তাঁহার তাঁহারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি বিভিন্ন উপন্যাসের পাঁচটি চরিত্র এবার উঠে আসবে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানে। গানের সঙ্গে নাটকীয় চিত্রায়ন নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান তাঁহার তাঁহারা। এটি পরিকল্পনা, পরিচালনা এবং উপস্থাপনা করেছেন আফজাল হোসেন। ‘শেষের কবিতা’র অমিত, লাবণ্য ও কেতকী, ‘চোখের বালি’র বিনোদনী, মহেন্দ্র ও আশালতা, ‘নষ্ট নীড়’এর চারুলতা, অমল ও ভূপতি, ‘ঘরে বাইরে’র বিমলা, নিখিলেশ ও সন্দীপ, ‘স্ত্রীর পত্র’র মৃণাল, তাঁর স্বামী ও বিন্দু, ‘চিত্রাঙ্গদা’র চিত্রাঙ্গদা চরিত্রগুলো উঠে আসবে বন্যার পাঁচটি গানে। রবীন্দ্রনাথের উল্লেখিত চরিত্রগুলোতে অভিনয় করেছেন অর্ষা, ইমি, আলিফ, ঈশানা, দীপা, ফিটন, বাঁধন, শাহরিয়ার শুভ, অভি, দিহান, জনি, সুজন, মুনমুন, হীরা, বাবু ও উর্মিলা। ছয়জন ফ্যাশন ডিজাইনারের নকশা করা পোশাকে এবং কানিজ আলমাস খানের রূপসজ্জ্বায় চরিত্রগুলো আরও জীবন্ত হয়েছে। এমন একটি কাজ করার চিন্তা ভাবনাটা কীভাবে মাথায় এলো—জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘আসলে এখন তো প্রচুর চ্যানেল, প্রচুর অনুষ্ঠান। তার মাঝে ভিন্ন কিছু করার চিন্তাটা সব সময় রয়েছে আমার। সেই ভাবনা থেকে এর আগে আমি প্রথম পিছন পানের গানটান নামে একটা অনুষ্ঠান করি। বাংলা চলচ্চিত্রের পুরোনো গান এবং মডেল দিয়ে ওই সময়ের ফ্যাশন তুলে ধরে এমন তিনটি অনুষ্ঠান করি। দর্শক প্রশংসিতও হয়। সেই ধারবাহিকতায় এরপর এক এক করে পঞ্চকবির গান, সুরের উত্তরসুরী এবং প্রযত্নে শিলাইদহ নামে বেশ কটা অনুষ্ঠান করি। রবীন্দ্রনাথের উপন্যাস ও গল্পে প্রচুর চরিত্রের সন্ধান পাই। যে চরিত্রগুলো বাঙালীমনে গেঁথে আছে। সেখান থেকে কিছু চরিত্র নিয়ে রবীন্দ্রনাথের গানের সঙ্গে উপস্থাপন করেছি। তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলার জন্য এই চেষ্টা।’ টাঙ্গাইল রাজবাড়ি এবং হোতাপাড়ার খতিব খামার বাড়িতে ধারণ করা এই আয়োজনটি কাল কবির জন্মদিনে প্রচারিত হবে চ্যানেল আইয়ে।