আফজালের কবিতার বই
‘সেই ১৯৭২ সাল থেকেই কবিতা লিখছি। খুব নিয়মিত নয়, বিচ্ছিন্নভাবে। তবে বই আকারে তা প্রকাশ করার কথা কখনো ভাবিনি। কয়েক বছর আগে ফরিদুর রেজা সাগর জানালেন, আনন্দ আলো পত্রিকার ঈদসংখ্যার সঙ্গে তাঁরা আমার কবিতার একটি বই পাঠকদের দিতে চান। ব্যাপারটি ভালো লাগল। আমার অর্ধশতাধিক কবিতা ছিল ওই বইটিতে। নাম তিন নারীর পাঠশালা। তত দিনে আমার লেখা অনেকগুলো কবিতা জমা হয়ে গেছে। এবার নিজের একটি কবিতার বই বের করার ঝোঁক তৈরি হলো। সেই আগ্রহ থেকেই আজ বেরোচ্ছে শুধু একটা পা।’ বললেন আফজাল হোসেন। বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় আজ রোববার বেরোচ্ছে আফজাল হোসেনের কবিতার বই শুধু একটা পা। বইটি প্রকাশ করেছে সময়। এতে আছে ৯৭টি কবিতা।এ পর্যন্ত আফজাল হোসেনের লেখা চারটি উপন্যাস ও একটি গল্পের বই বেরিয়েছে। নিজের নতুন কবিতার বই প্রসঙ্গে তিনি বললেন, ‘সচরাচর কবিতার বই যে রকম হয়, এটি তা থেকে একেবারেই আলাদা। যাঁদের কবিতা পড়ার অভ্যাস আছে, নিশ্চয়ই তাঁদের ভালো লাগবে।’