আফজালের বিশ্বকাপ ভাবনা
‘একসময় ঢাকার মাঠে নিয়মিত ফুটবল খেলা দেখতাম। কারণ খেলাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। ব্রাজিলের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে।’ এভাবেই বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজ ভাবনার কথা জানালেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন।আফজাল বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বকাপ আসে চার বছর পর। তবে তা দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়, যা সত্যিই খুব দুঃখজনক। এই তো আর্জেন্টিনার খেলার দিন দেখা গেল এক উগ্র সমর্থক গাড়িতে আগুন লাগিয়ে দিল। এ ছাড়া দেখা গেল, দেশের বিভিন্ন স্থানে কিছু ফুটবলপ্রেমী মানুষ ভাঙচুরের মতো ঘটনাও ঘটিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়।’জনপ্রিয় এই অভিনেতা বলেন, “আমার ছেলের বয়স সাড়ে সাত বছর। সে কোনো দিন ফুটবল খেলা দেখেনি। অথচ তার মধ্যেও বিশ্বকাপ আনন্দ বেশ জোরেশোরে লেগেছে। সম্প্রতি আমি কক্সবাজার থেকে শুটিং শেষ করে বাসায় ঢুকার পরপরই সে আমাকে জিজ্ঞেস করে, ‘বাবা তুমি কি আর্জেন্টিনা না ব্রাজিল?’ বিশ্বকাপ উন্মাদনা কোথায় গেছে এবার বুঝুন।”আফজার বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপ আমাদের মধ্যে একটি আনন্দের এবং উত্সবের বার্তা নিয়ে আসে। আমাদের সবার উচিত হবে তা থেকে ভালো কিছু গ্রহণ করা।’