আফজালের ‘আমার কথাটি ফুরালো’
‘আসলে নাটক করার তো সময় হয় না। একটা উপন্যাস নিয়ে ভাবছিলাম। ঈদে কোথাও লিখব। কিন্তু সেটা লেখা সম্ভব হয়ে ওঠেনি। পরে চিন্তা করলাম টেলিছবিটাই করে ফেলি।’ বলছিলেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। এবার ঈদে তিনি একটি টেলিছবি লিখেছেন ও পরিচালনা করেছেন। নাম আমার কথাটি ফুরালো। এটি দেখানো হবে চ্যানেল আইতে।আফজাল হোসেন বললেন, ‘এমনিতেই আমি কাজ কম করি। এবার ইচ্ছেই ছিল না কোনো কাজ করার। কিন্তু ফরিদুর রেজা সাগর একদিন ফোন করে বলল, “ঈদে বসে না থেকে কিছু একটা করো। মানসিকভাবে ভালো লাগবে।” যেহেতু গল্পের প্রস্তুতি ছিল, তাই কাজটি করা হয়ে গেল।’ টেলিছবির গল্পটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত নাটক কোনো একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গায় শেষ হয়—এটি তেমন কোনো সরল গল্প নয়। এ টেলিছবিতে কয়েকটি চরিত্র এবং তাদের আচরণের মধ্য দিয়ে গল্প বের করে আনা হয়েছে। মূলত গল্পটা একটা মেয়েকে কেন্দ্র করে। প্রেম করে বিয়ে করে সে। কিন্তু একটা পর্যায়ে কোনো একটা কারণে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যায়।’আমার কথাটি ফুরালো টেলিছবিতে অভিনয় করেছেন সজল, দিহান, বিন্দু, শাহেদ, অর্ষা ও আফজাল হোসেন।