আফরোজা বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্রী। সময়টা সম্ভবত ১৯৭৭ সাল। সেই সময় প্রথম আমি থিয়েটারে যোগ দিই। যতটুকু মনে আছে, হয়তো সে বছরই থিয়েটারের হয়ে দুই বোন নাটকে অভিনয় করি। চরিত্রটি ছিল ছোট বোন ঊর্মিমালা। নাটকটির নির্দেশনায় ছিলেন ফেরদৌসী মজুমদার। এরপর করলাম আবদুল্লাহ আল-মামুনের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি। এর পরই করলাম আবদুল্লাহ আল-মামুনের সেনাপতি। এ ছাড়া থিয়েটারে আরও নাটকে অভিনয় করেছি। মনে আছে, ওখানে ওথেলো নাটকেও অভিনয় করেছি। সম্ভবত ১৯৮০ সালের দিকে থিয়েটার ভাগ হয়ে যায়। একটি থিয়েটার বেইলি রোডের নামে, আরেকটি থিয়েটার আরামবাগ। থিয়েটার আরামবাগে প্রথম কাজ করলাম আরিফুল হকের জমীদার দর্পণ-এ। এখানে মমতাজউদ্দীন আহমদের সাতঘাটের কানাকড়ি নাটকটিতে অভিনয় করি। জমীদার দর্পণ ও সাতঘাটের কানাকড়ি নাটক দুটি সেই সময় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এখনো ঢাকার মঞ্চে সাতঘাটের কানাকড়ি নাটকটি দর্শকের চাহিদা রয়েছে। এরপর মমতাজউদদীন আহমদের রাক্ষুসী ও শেষ রক্ষা নাটক দুটিতে কাজ করি। এ ছাড়া কামালউদ্দীন নিলুর কিংলিয়ার, কামরুজ্জামান রুনুর রূপবানসহ একাধিক নাটকে অভিনয় করেছি।