আফরোজা বানু ৫ প্রশ্ন
আফরোজা বানু। ১৯৭৭ সালে প্রথম মঞ্চে যোগ দেন। দলের নাম থিয়েটার। প্রথম অভিনয় দুই বোন নাটকে। ১৯৮৩ সালে থিয়েটার ভাগাভাগি হলে থিয়েটার আরামবাগ নামে তাঁর দল পরিচিতি পায়, যদিও মূল দল থিয়েটার নামেই তাঁরা দাবি করেন। দল ভাগাভাগির পর প্রথম জমিদার দর্পণ নাটকে অভিনয়। এখনো সেখানেই তিনি নিয়মিত অভিনয় করে চলেছেন। দীর্ঘ অভিনয়জীবনের নানা কথা নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি মঞ্চে প্রিয় চরিত্রদীর্ঘ অভিনয়জীবনে একাধিক নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে। চরিত্রও করেছি একাধিক। আমার অভিনয় করা প্রথম নাটক দুই বোন। এ নাটকটির ছোট বোন, বড় বোন—দুটি চরিত্রই আমি করেছি। এই দুটি চরিত্রই আমার কাছে প্রিয়। এ ছাড়া সাত ঘাটের কানাকড়ি নাটকের মা ও অ্যানটিনা চরিত্র দুটি আমার কাছে প্রিয়। তবে রাক্ষুসী নাটকের রাক্ষুসী চরিত্রটি আমার কাছে সবচেয়ে প্রিয়।প্রিয় সহশিল্পীথিয়েটারে অভিনয় করে আলাদা করে প্রিয় সহশিল্পীর নাম বলা মুশকিল। প্রায় ৩৩ বছর ধরে মঞ্চে কাজ করছি। একাধিক নাটকে একাধিক সহশিল্পীর সঙ্গে কাজ করেছি। কোনটা রেখে কোনটা বলব। কেননা, একটা নাটক মঞ্চে আসার আগে দীর্ঘদিন মহড়া করতে হয়। নাটকটি মানসম্পন্ন হওয়ার পরই মঞ্চে আসে। তাই যাঁরা অভিনয় করেন, সবাই ভালো করেন। এ জন্য আলাদা করে নাম বলা উচিত হবে না। নিজ দলে মনে রাখার মতো নাটকযেহেতু আমার প্রথম মঞ্চে অভিনীত নাটক দুই বোন, তাই এ নাটকটি আমার কাছে প্রিয়। এ ছাড়া পায়ের আওয়াজ পাওয়া যায়, রাক্ষুসী ও জমিদার দর্পণ নাটকগুলো আমার আজও মনে পড়ে।দলের বাইরে...দীর্ঘ অভিনয়জীবনে দলের বাইরে একাধিক নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে। এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগার নাটক হলো নাগরিক নাট্যসম্প্রদায়ের গ্যালিলিও, বাকি ইতিহাস, ঢাকা থিয়েটারের বনপাংশুল, আরণ্যক নাট্যদলের ওরা কদম আলী।নির্দেশনা...এবারই প্রথম মঞ্চে নির্দেশনার কাজ করছি। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ল্যাবরেটরি নাটকটি নিয়ে কাজ করছি। এটির নাট্যরূপ দিয়েছেন হীরেন দে। বেশ কিছুদিন ধরেই নাটকটির মহড়া চলছে। আশা করছি, আগামী ঈদের পর নাটকটি মঞ্চে আনতে পারব।