আফসানা মিমির ছবিতে সুবর্ণা মুস্তাফা
অভিনয়শিল্পী আফসানা মিমি পরিচালিত প্রথম ছবি ‘রান’ এ অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা। এরই মধ্যে ছবিটির কর্তৃপক্ষের সঙ্গে সুবর্ণা মুস্তাফার কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন তিনি।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মিমির পরিচালনায় কাছের মানুষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। এবারে ওর ছবিতে অভিনয় করব। যতদূর জানতে পেরেছি সামনের ফেব্রুয়ারিতে আমার অংশের শুটিং শুরু হবে।’এদিকে রান ছাড়া আর কোনো নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সুবর্ণা বলেন, ‘রান ছাড়া আমি এখন ঝন্টু ভাইয়ের হেডমাস্টার ছবির কাজটি করছি। এর বাইরে আর কোনো ছবির বিষয়ে আমার সঙ্গে কারো কোনো আলাপ হয়নি।’অক্টোবরের শেষ সপ্তাহে রান ছবির শুটিং শুরু হয়েছে সিলেটে। প্রথম দিকের শুটিংয়ে কলকাতার অভিনয়শিল্পী সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন। মুহাম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস অবলম্বনে রান ছবিটি নির্মিত হচ্ছে। সুবর্ণা মুস্তাফা, সব্যসাচী চক্রবর্তী ছাড়াও রান ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন ইন্তেখাব দিনার, রাহুল আনন্দ, সানজিদা প্রীতি এবং ভারতের প্রিয়াংশু চ্যাটার্জিসহ আরও অনেকে। তবে রান ছবিতে আরও অভিনয় করছে ১০ জন কিশোর অভিনেতা।