আফসোস যদি আমি তাঁর ছাত্র হতাম

শরতের কাঁশফুলের মতো ধবধবে সাদা চুল তাঁর। চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি একজন আধুনিক কবি, প্রবন্ধকার ও অনুবাদক। ‘মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা’ তাঁর একটি বিখ্যাত গ্রন্থ, যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল। তিনি শিশুদের জন্য অনেক বই লিখেছেন। ২ জুলাই ছিল তাঁর জন্মদিন। আজ বৃহস্পতিবার কথামালা, গান ও আবৃত্তির মধ্য দিয়ে একুশে পদক বিজয়ী অধ্যাপক হায়াৎ মামুদের ৭৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘রঙে ভরা বঙ্গ’।
বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় জন্মবার্ষিকীর এই আয়োজন। অনুষ্ঠান বললে যে রকমের জাঁকজমক, আনুষ্ঠানিকতার কথা মনে আসে, তেমন নয়। একেবারেই সাদামাটা ঘরোয়া আয়োজন। কিন্তু নিখাদ শ্রদ্ধা ও হৃদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ ছিল আয়োজনটি।
অনুষ্ঠানে মামুদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের রাশিয়ান ভাষা বিভাগের প্রধান ইয়েলেনা নিয়োগী প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক হায়াৎ মামুদের ছাত্র প্রাবন্ধিক ও গবেষক সরকার আবদুল মান্নান। জন্মদিনের এই আয়োজনে কথাসাহিত্যিক ও অধ্যাপক হাসান আজিজুল হকের পাঠানো একটি ই-মেইল পড়ে শোনানো হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তাঁর শিক্ষাজীবনে পাওয়া একজন শিক্ষকের স্মৃতিচারণা করার পর বলেন, ‘হায়াৎ মামুদ সারা জীবন জ্ঞানের চর্চা করেছেন। শুনেছি, তিনি ছাত্রদের অসাধারণ পড়াতেন। আমার আফসোস, যদি আমি তাঁর ছাত্র হতাম, তবে আনন্দ পেতাম।’ তিনি আরও বলেন, সহজ-সরল এই মানুষটির মধ্যে একটা অদ্ভুত কাঠিন্য রয়েছে। তিনি যা বিশ্বাস করেন, তা সত্য বলে মানেন। তা থেকে তাঁকে কখনো একচুলও সরানো যায়নি।’ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতা কখনো হায়াৎ মামুদকে স্পর্শ করেনি। মুক্তবুদ্ধির চর্চায় তিনি আলো ছড়াচ্ছেন। তিনি পথ দেখাবেন, আমরা সেই পথ ধরেই চলব।’
দ্বিজেন শর্মা বলেন, তাঁর মতো সদানন্দ, সদা হাস্যময় মানুষ পৃথিবীতে বড় দুষ্প্রপ্য। তাঁর মধ্যে চিন্তাভাবনার লেশমাত্র নেই। দর্শকদের মনে করিয়ে দেন, ‘১৯৬২ সালে তিনি যদি আমাকে শিশুসাহিত্যিক এখলাস উদ্দিন আহমেদের সঙ্গে পরিচয় করিয়ে না দিতেন, তবে আমি কোনো দিনই শিশুদের জন্য লিখতাম না।’
অনুষ্ঠানে গান শোনান বুলবুল মহলানবীশ। কবিতা পাঠ করেন জোবায়দা লাবনী।
কবি হায়াৎ মামুদের জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২ জুলাই পশ্চিমবঙ্গের হুগলী জেলায়। তাঁর ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গে।