
‘আমার নাম ছিল পাপী মনা’—প্রবল উত্তেজনায় অবলীলায় বলে গেলেন তিনি।
আমাদের চক্ষু চড়কগাছ—পাপী মনা কেন?
‘পৃথিবীতে কেউ নিজের পাপ স্বীকার করে না; কিন্তু আমি স্বীকার করতে চাই, তাই আমি ছিলাম পাপী মনা।’—যুবকটি যখন কথাগুলো বলছিলেন, তাঁর কিছু দিন আগেই তাঁর ‘পাপী মনা’ নামটি সাবেক হয়ে গেছে। এখন তিনি আবদীন। বললেন, ‘আগের অ্যালবামে আমার নাম পাপী মনা থাকলেও এখন থেকে আমি আবদীন নামেই গান করব।’
হ্যাঁ, এই যুবক একজন সংগীতশিল্পী। ২০০৬ সালে মাটির গন্ধ পাইরে নামে একটি অ্যালবাম বেরিয়েছে তাঁর। ২০০৮ সালে বেরিয়েছে তুমি আসবে বলে। গান করেছেন আরও কয়েকটি মিশ্র অ্যালবামে। তবে আবদীনকে প্রথম দেখলে মোটেই সংগীতশিল্পী বলে মনে হয় না; আজ থেকে বেশ কয়েক মাস আগে আমারও যেমন হয়নি—কেমন ভাবলেশহীন চেহারা, তবে উত্তেজনায় ফুটছেন সারাক্ষণ।
আগেই বলেছি, ঘটনার শুরু বেশ কয়েক মাস আগে। অফিসে বসে কাজ করছি। হঠাৎ এক সহকর্মীর জোরসে হাঁক, ‘নয়ন...।’ কাছে যেতেই একটা গান শোনালেন। আমি গান শুনছি আর শিহরিত হচ্ছি ভেতরে ভেতরে।
কার গান এটা?
পাপী মনা ওরফে আবদীনের।
এক অপরিচিত মানুষের গান শুনে কেন শিহরিত হচ্ছিলাম সেদিন? উত্তর না দিয়ে বরং তুলে দিই গানের কয়েকটি পঙিক্ত—‘তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই/ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ নাই/কেন?/গণতন্ত্র আজ রাজতন্ত্রের শিকার...।’
গান শুনে তাকালাম যুবকটির দিকে। তিনি বললেন, ‘আমার নাম ছিল পাপী মনা কিন্তু এ নাম নিয়ে অযথা অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তাই বদলে ফেলেছি নামটি। এখন আমি অবদীন।’
তো, মানিকনগরের বাসিন্দা আবদীনের গল্প শুনুন এবার: ২০০০ সাল। তিনি তখন স্কুলে পড়েন। নতুন ইংরেজি শতাব্দীকে বরণ করতে একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। চাঁদা তোলা হলো। তবে নানা সমস্যায় শেষমেশ অনুষ্ঠান হলো না। ‘সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি দাঁড়াব, সংগীতশিল্পী হব আমি।’—আবেদীন বললেন।
তবে চাইলেই যে আর সংগীতশিল্পী হওয়া যায় না—এ সত্য জানতেন তিনি। মানিকনগরের পাশেই কমলাপুর। সেখানে থাকতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আজম খান। আজম খান সম্পর্কে তাঁর নানা। আবদীন নানার কাছে গিটার শিখলেন। গানের জগতে শুরু হলো তাঁর পথচলা। কিন্তু সংগীত আগে থেকেই ছিল তাঁর রক্তে—আবদীনের বাবা শাহজাহান চৌধুরী নজরুলসংগীত শিল্পী।
না, আবদীন সব সময় চলতে চেয়েছেন নিজের পথে। গানের জন্য তেমনভাবে এগোয়নি লেখাপড়া। বললেন, ‘গান আমায় এমনভাবে টানত, বাঁধাধরা পড়াশোনা ভালো লাগত না। মনে হতো, শিখলে আমি প্রকৃতির কাছেই শিখব।’
এখন হাফিজুর রহমানের কাছে বেহালা শিখছেন তিনি। লেখার শুরুতে যে বলেছিলাম, উত্তেজনায় টগবগ করছেন তিনি। সে উত্তেজনার কারণ কী?
তাঁর জবাব, ‘গান—গান নিয়ে অনেক স্বপ্ন দেখি আমি। সামনেই আমার নতুন অ্যালবাম বের হবে।’