আবদুর রহমান বয়াতির অবস্থা সংকটাপন্ন
হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন লোকশিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিত্সাধীন।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক শফিকুর রহমানের তত্ত্বাবধানে লোকগানের প্রখ্যাত শিল্পী আবদুর রহমান বয়াতির চিকিত্সা চলছে। তিনি জানান, বর্তমানে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখার মাধ্যমে এই শিল্পীকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র আইসিইউতে তাঁর চিকিত্সা চলছে। প্রথম আলো ডটকমকে শফিকুর রহমান বলেন, ‘আবদুর রহমান বয়াতি নানা ধরনের সমস্যায় ভুগছেন। বয়সের কারণে এ সমস্যাগুলো আরও বড় হয়ে দেখা দিয়েছে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। চিকিত্সার মাধ্যমে আমরা তাঁর সুস্থতা ফিরিয়ে আনার চেষ্টা করছি।’অনেক দিন থেকেই উচ্চ রক্তচাপ, কিডনি ও ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন আবদুর রহমান বয়াতি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ এপ্রিল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে প্রথমে নিউরোলজিস্ট উত্তম কুমার সাহার তত্ত্বাবধানে তাঁর চিকিত্সা শুরু হয়। এর আগেও তিনি এই হাসপাতালে চিকিত্সা নিয়েছিলেন।চিকিত্সক উত্তম কুমার সাহার তত্ত্বাবধানে আবদুর রহমান বয়াতীর চিকিত্সা শুরু হলেও নিউমোনিয়া ধরা পড়ার পর সেই দায়িত্ব নিয়েছিলেন চিকিত্সক রওশন জাহান।লোকগানের জনপ্রিয় শিল্পী আবদুর রহমান বয়াতি মাটি ও মানুষকে নিয়েই গান করেছেন। স্বতন্ত্র গায়কি দিয়ে দেশের বাইরের শ্রোতাদেরও মন জয় করেন এই গুণী শিল্পী। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের আমন্ত্রণে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানেও গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি। ১৯৩৯ সালে ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুর রহমান বয়াতি। অসংখ্য জনপ্রিয় লোকগান উপহার দিয়েছেন এই বাউলশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতপরিচালক। বহুসংখ্যক একক অ্যালবামের পাশাপাশি তিনটি মিশ্র অ্যালবামেও গেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘মন আমার দেহঘড়ি’, ‘মরণেরই কথা কেন স্মরণ’, ‘মা আমেনার কোলে ফুটল ফুল’, ‘দিন গেলে আর দিন পাবি না’, ‘ঘুড্ডি হয় তিনতলা’, ‘হাতের মাঝে ভাঙল হাঁড়ি’, ‘পিরিতে কইরাছে কাঙালি’, ‘একদিন চিঠি দিয়ে’, ‘আমার মাটির ঘরে’, ‘এত সুন্দর রংমহল ঘর’, ‘আমি মরলে কেন’ ইত্যাদি।