আবদুল আলীমের আজ জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা লোকসংগীতের অমর শিল্পী আবদুল আলীমের আজ ৮০তম জন্মদিন। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে টেলিভিশন ও রেডিওতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। পারিবারিকভাবেও থাকছে বিভিন্ন অনুষ্ঠান।বাংলা ফোক ও মরমি গানের কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে কথা হয় তাঁর ছেলে আজগর আলীমের সঙ্গে। তিনি বলেন, ‘বাবার জন্মদিন উপলক্ষে আজ বাংলাভিশনে সরাসরি গানের একটি অনুষ্ঠানে অংশ নেব। এ ছাড়া আগামী কাল বৃহস্পতিবার এবিসি রেডিও এফএম ৮৯.২-তে সরাসরি গান করব।’আজগর আলীম আরও বলেন, ‘বাবার জন্মদিন উপলক্ষে আজ ঢাকার নিকুঞ্জে অবস্থিত আবদুল আলীম ললিতকলা একাডেমির উদ্যোগে চলছে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠান ও গান।’বাংলা লোক সংগীতের অমর শিল্পী ১৯৩১ সালের এই দিনে তিনি পশ্চিম বাংলার মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শেখ মো. ইউসুফ আলী। তরুণ বয়সে তিনি ঢাকায় এসে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দেন ঢাকার পাকিস্তান রেডিওতে। ১৪ বছর বয়সে তাঁর দুটি গানের রেকর্ড করে গ্রামোফোন কোম্পানি। একই সময়ে তিনি সংগীতশিক্ষার জন্য সংস্পর্শ পান মমতাজ আলী খান ও মো. হোসেন খসরুর মতো উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞদের। গান শেখার ক্ষেত্রে যাঁরা তাঁকে সব সময় সহযোগিতা ও উত্সাহ দিয়েছেন তাঁদের মধ্যে বেদার উদ্দিন আহমেদ, আবদুল লতিফ, শমশের আলী, হাসান আলী খান, মো. ওসমান খান ও আবদুল হালিম চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সুকণ্ঠের জন্য খুব তাড়াতাড়ি তিনি পল্লীকবি জসীমউদ্দীন, এম ওসমান খান, আবদুল লতিফ, সমশের আলী প্রমুখ ব্যক্তিদের কাছে চলে আসেন।সংগীতজীবনে আবদুল আলীমের প্রকাশিত গ্রামোফোন রেকর্ডের সংখ্যা প্রায় ৫০০। বেতার ও টেলিভিশন ছাড়া তিনি শতাধিক চলচ্চিত্রেও প্লেব্যাকও করেছেন।তত্কালীন পূর্ব পাকিস্তানের প্রথম ছবি মুখ ও মুখোশ-এর গানে কণ্ঠ দেন। এ ছাড়া আজান, রূপবান, শীত বিকেল, এ দেশ তোমার আমার, কাগজের নৌকা, নবাব সিরাউদ্দৌলা (বাংলা ও উর্দু), সাত ভাই চম্পা, দস্যুরানি, সুজন সখিসহ অসংখ্য চলচ্চিত্রে কণ্ঠ দেন তিনি।১৯৭৪ সালে খান আতাউর রহমানের সুজন সখি চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বিদেশের মাটিতেও তিনি অনেক পুরস্কার অর্জন করেন। তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: ‘প্রেমের মরা জলে ডোবে না’, ‘হলুদিয়া পাখি’, রুপালি নদীরে ‘আমারে সাজাইয়া দিয়ো’, ‘মনে বড় আশা ছিল’, ‘সর্বনাশা পদ্মা নদী’, ‘বাবু সালাম বারে বার’, ‘সব সখিরে পার করিতে’, ‘উজান গাঙের নাইয়া’ প্রভৃতি।বাংলা লোকসংগীতের কিংবদন্তি এই শিল্পী ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বত্সর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তত্কালীন পিজি হাসপাতাল) মৃত্যুবরণ করেন।