
‘আমার দেশের মাটির গন্ধে ভরে আছে মন...’ কালজয়ী এই দেশাত্মবোধক গানটি অনেকেরই শোনা। তবে গানটির অমর সুরকার আবদুল আহাদ হয়তো অনেকের কাছেই অচেনা। বাঙািলর ঘরে ঘরে সংগীত চর্চার প্রসার ঘটানোর ক্ষেত্রে যাঁরা যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন, সুরস্রষ্টা আবদুল আহাদ তাঁদের মধ্যে অন্যতম। এ দেশে রবীন্দ্রনাথের গান প্রচার ও চর্চায় তিনি প্রথম দিকের উদ্যোগীদের অন্যতম। আধুনিক ও দেশাত্মবোধক গানের অন্যতম পথিকৃৎ, প্রয়াত আবদুল আহাদকে শ্রদ্ধাভরে গতকাল স্মরণ করলেন তাঁর অনুরাগীরা।
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে আবদুল আহাদ স্মারক বক্তৃতা, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ। এ এম হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন অধ্যাপক করুণাময় গোস্বামী। স্মৃতিচারণা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও সৈয়দ আব্দুল হাদী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নিশাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক কাজী মদিনা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীত পরিবেশনা। এতে গান শোনান শিল্পী ফাহমিদা খাতুন, সৈয়দ আব্দুল হাদী, রোকাইয়া হাসিনা, নাসিমা শাহীন। শিল্পীরা আবদুল আহাদের সুরারোপিত ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, ‘আমি সাগরের ও নীল নয়নে মেখেছি’সহ বেশ কিছু গান পরিবেশন করেন।