
ভারতীয় এক তরুণ বাবুর্চির সঙ্গে বন্ধুত্ব হলো ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার। নামমাত্র নয়, বেশ পাকাপোক্ত বন্ধুত্ব। দুজনের একসঙ্গে হাঁটতে যাওয়া, একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাসহ কত কিছু! ‘চাকরের’ সঙ্গে রানির এ সখ্য কি আর মেনে নেয় রানির লোকেরা? কীভাবে কী হলো যে ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া এক বাবুর্চি হঠাৎ রানির প্রিয়পাত্রে পরিণত হলো?
ওষুধ খেতে না চাওয়া শিশুকে যেভাবে রসগোল্লায় ভরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়, হলিউড ছবি ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল সে রকম একটি প্রচেষ্টা। ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া ও তাঁর ভারতীয় পাচক আবদুলের মিষ্টি বন্ধুত্বের ভেতরে ব্রিটিশ উপনিবেশবাদকে ধবলধোলাই করা হয়েছে। পূর্বপুরুষেরা দুই শ বছর ভারত শাসন করেছিল, উত্তরপুরুষ চলচ্চিত্রকারেরা সেই সময়কে তির্যকভাবে তুলে এনেছেন সিনেমায় এবং পরিচালক স্টিফেন ফ্রেয়ারস এখানে আর ব্রিটিশ থাকতে পারেননি। বিশ্ব নাগরিক হয়ে উঠেছেন।
সত্য ঘটনার ওপর ভিত্তি করেই ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল ছবির গল্প। রানি ভিক্টোরিয়ার সুবর্ণজয়ন্তীতে ইংল্যান্ডে আনা হয়েছিল ভারতীয় বাবুর্চি আবদুলকে। রানির প্রতি যথাযথ সম্মান ও ভক্তির অভাব ছিল না আবদুলের। রানির হেঁটে যাওয়া পথকে কুর্নিশ করা, তাঁর পায়ে চুমু খাওয়া থেকে শুরু করে প্রায় সব আদব মেনে চলছিল আবদুল। অন্যদিকে আবদুলের প্রতি রানির আচরণ ছিল বিদেশি অতিথির মতো, যা ঠিক তাঁর সভাসদদের পছন্দ হচ্ছিল না। বর্ণবাদী আচরণের জন্য রানি বরং তাঁদের ভর্ৎসনাই করতে শুরু করেন।
এ তো গেল ছবির গল্প। রানি ভিক্টোরিয়ার সময়েই কিন্তু সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল ভারত। ভারতের রাজনীতিবিদ শশী থারুরের ইনগ্লোরিয়াস এমপায়ার: হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া বইয়ে সেসব লেখা আছে। সে সময় বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান নিচে নামিয়ে আনার পেছনেও ছিল ব্রিটিশদের কারসাজি। ব্রিটিশ ঔপনিবেশিকদের শোষণে দারিদ্র্যসীমার এত নিচে নেমে গিয়েছিল ততকালীন ভারত, যার ফল ১৮৭৬-৭৮ এবং ১৮৯৯-১৯০০-এর দুর্ভিক্ষ এবং প্রায় ১ কোটিরও বেশি মানুষের মৃত্যু। এ ছাড়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনারা হত্যা করেছিল প্রায় দুই হাজার লোককে।
ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল ছবিতে ঔপনিবেশিক দেশগুলোর ওপরে ব্রিটিশদের অমানবিকতাকে রসময় করে উপস্থাপন করা হয়েছে। বলা যায় ভিক্টোরিয়া ও আবদুল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অত্যাচারের একটি রঙিন দলিল। পূর্বপুরুষদের অত্যাচারের এই কাহিনি চলচ্চিত্রে দেখানো পরিচালকের জন্য একটু বিব্রতকর কি না কে জানে। কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক দায় যে তিনি এড়াতে পারেননি, তার প্রমাণ এই সিনেমা। এ ছবি দেখে কি অনুতপ্ত হবেন এখনকার অত্যাচারীরা? বার্মিজ চলচ্চিত্রকারেরা কি একসময় নির্মাণ করবেন রোহিঙ্গাদের ওপর অত্যাচারের কাহিনি নিয়ে সিনেমা?
কাল মুক্তি পাচ্ছে হলিউড চলচ্চিত্র ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল। রানি চরিত্রে অভিনয় করা জুডি ডেঞ্চ বিভিন্ন সিনেমায় অনেকবার রানির চরিত্রে অভিনয় করেছেন। জেমস বন্ড সিরিজের বেশ কিছু ছবিতে দেখা গেছে তাঁকে। আর আবদুল করিম চরিত্রের ভারতীয় অভিনেতা আলী ফজল আগে বেশ কিছু হিন্দি ভাষার ছবিতে কাজ করেছেন। হলিউডেও টুকটাক কাজ করেছেন। রানির বন্ধু চরিত্রেও দারুণ করেছেন তিনি।
রাসেল মাহ্মুদ
ইনডিপেনডেন্ট অবলম্বনে