আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় গায়ক, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পাওয়া আবদুল জব্বার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক জানিয়েছেন, চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর শরীর।
আজ বিকেলে দেবব্রত বণিক জানান, আবদুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। তাঁর শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না। দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যেকোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে বলেছেন অধ্যাপক দেবব্রত বণিক। এদিকে আবদুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার বলেন, ‘আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনোভাবেই উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’ এদিকে আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আইসিইউর সামনে অনেকেই এসে ভিড় করছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল জব্বার কিডনি, হার্ট, প্রোস্টেট গ্রন্থিসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।