আবদুল জব্বারের শারীরিক অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সালাম সালাম হাজার সালাম’ জনপ্রিয় দেশাত্মবোধক এই গানের স্রষ্টা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। গত রোববার হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। কেবিন ব্লকের ৩১৪ নম্বর কক্ষেই তাঁর চিকিৎসা চলছে। ভর্তির পরই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আবদুল জব্বার অনেক দিন ধরেই কিডনি ও লিভারের নানা রোগে ভুগছেন। গুণী এই শিল্পীর উন্নত চিকিৎসার জন্য ৬ অক্টোবর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান এ কে এম খোরশেদ আলমের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।আজ সরেজমিনে গিয়ে দেখা গেছে, আবদুল জব্বার কিছুটা সুস্থ আছেন। তিনি বলেন, ‘বয়স হয়েছে তো তাই নানা রোগ এসে শরীরে বাসা বেঁধেছে। আজ (বৃহস্পতিবার) আমি অনেকটা সুস্থ বোধ করছি। এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আগামী রোববার নাগাদ রিপোর্টগুলো হাতে আসতে পারে।’ আবদুল জব্বারের অসুস্থতা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোলিভার বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুল আলম বলেন, আবদুল জব্বার এখন কিছুটা সুস্থ। তাঁর মূল সমস্যা হচ্ছে পেটে গ্যাস। এ ব্যাপারে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই পরবর্তী চিকিৎসায় যাওয়া যাবে। তবে বড় ধরনের কোনো সমস্যা আপাতত নেই। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি বাসায় ফিরে যেতে পারবেন।‘মাঝি বাইয়া যাওরে’, ‘ওরে নীল দরিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আবদুল জব্বার বঙ্গবন্ধু পদক, স্বাধীনতা পদক, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।