আবদুল্লাহ আল-মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের আবর্তে চার বছর ঘুরে গেল আবদুল্লাহ আল-মামুন নেই। আজ তাঁর জন্মদিন, খুব শখ ছিল ঘটা করে তাঁর জন্মদিন পালনের, সব বন্ধু, সুহূদ সমন্বয়ে আনন্দঘন আবহে। কিন্তু ২০০৮ সালের ২১ আগস্ট তিনি চূড়ান্তভাবে অসুস্থতায় না ফেরার পথে পাড়ি জমান। তিনি কোনো মহাকালের নায়ক হতে চাননি। হওয়ার সাধ রাখেননি কোনো বিশেষ রত্নখচিত বিশেষণে তাঁকে ডাকা হবে। আনন্দ ছিল তাঁর সৃষ্টিতে, আনন্দ ছিল শিল্পের ভাষায় সাধারণ মানুষের কথা বলায়। তাঁর সৃষ্টিতে বাংলাদেশের মঞ্চনাটক সাদামাটা উপস্থাপনায় অঙ্কুরিত হয়েছে মানুষের মানবিক মূল্যবোধের চেতনা। শুধু সৃষ্টির আনন্দে নয়, সমাজে মানবিকতার বিস্তার, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রসার এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন মঞ্চের জন্য লেখা নাটকের মাঝে। আর সরল সাধারণ উপস্থাপনে তা বাংলাদেশের প্রতিটি কোণে সবার মাঝে মঞ্চায়নে কোনো বাধা পায়নি। তিনি মঞ্চের এমন একজন নাট্যকার, যাঁর নাটক বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে মঞ্চস্থ হয়নি। হয়তো শহুরে বুদ্ধিজীবীদের লেখনীর মাঝে তাঁর বিপুল বিশাল ঠাঁই হয়নি। কিন্তু অকৃত্রিম ভালোবাসায় তাঁর নাটক গৃহীত হয়েছে এ বাংলায়। সরকারি চাকরি করে স্বৈরশাসক আর যুদ্ধাপরাধীদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি লড়ে গেছেন তাঁদেরই বিরুদ্ধে তাঁর অবস্থান থেকে প্রতিনিয়ত। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সুবচন নির্বাসনে নাটক একটি মাইলফলক। তারপর একের পর এক লিখেছেন সমসাময়িক সমাজের পরাবাস্তবতার গাঁথা। যেমন তাঁর নাটকে উপস্থিত দেশ, জাতি ও সমাজ তেমনি বৃদ্ধ হয়ে যাওয়া বাবা-মায়ের মর্মস্পর্শী গল্পও উঠে আসে প্রবল মানবিকতায়, শৃঙ্খলিত শোষিত নারীর কাহন একক অভিনয়ের নাটকে বিবৃত হয় চমৎকারভাবে। নির্দেশনায় তিনি স্থাপন করেছেন অন্যান্য স্থান, মূলত নিজের নাটক বেশি নির্দেশনা দিলেও অন্য নাট্যকারের নাটক বাংলাদেশের মঞ্চে সফলতম বটে। অভিমানী ও সৃষ্টিশীল মানুষটি অকালে চলে গেছেন তা বলা বোধ হয় যায় না, কিন্তু আরও কিছু চমৎকার মঞ্চনাটকের প্রত্যাশা সবারই ছিল তাঁর কাছে। শুধু কি মঞ্চেরই তিনি? যদিও খুব গভীর আবেগে বুকের মাঝে তিনি মঞ্চকেই ধারণ করতেন, এর বাইরে বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম পথপ্রদর্শকও ছিলেন। আজ খুব গর্ব হয়, তাঁর অনুগামীরা আজ টেলিভিশন ও চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হয়ে আছেন। তাঁর স্মৃতি ধরে রাখার উদ্যোগ খুবই সীমিত। নাট্যশিক্ষার প্রসারে তাঁর গঠিত ‘থিয়েটার স্কুল’ আজ ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল’, এ ছাড়া আর তেমন উদ্যোগ চোখে পড়েনি। যে বাংলাদেশ টেলিভিশন তাঁর দ্বারা একসময় সুপ্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে তাঁর স্মরণে স্থায়ী কিছু কাম্য। সেই সময়ের সাড়াজাগানো নাটকগুলো ডিভিডি আকারে বর্তমান প্রজন্মের জন্য বাজারে সহজলভ্য করা যেতে পারে। সারেং বউ-এর স্রষ্টার জন্য চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষও কোনো উদ্যোগ নেবে না, যেখানে তাঁরই প্রিয় অভিনেতা এখন দায়িত্বপ্রাপ্ত? তাঁর কর্মগুলো সংরক্ষণ জরুরি। এগুলো যথাযথভাবে সংরক্ষিত না হলে আমরা হারাব এই কীর্তিমানের সৃষ্টিগুলো। আমি জানি, তাঁর শুভানুধ্যায়ী ও অনুরাগীরা এগিয়ে আসবেনই শিল্পের এই সরল অভিমানী নিপুণ কারিগরের সৃষ্টিগুলোর স্থায়ী সংরক্ষণে।