আবদুল্লাহ আল-মামুন জন্মোৎসব
পায়ের আওয়াজ পাওয়া যায়, এখন দুঃসময়, এখনও কৃতদাস, সেনাপতি, কোকিলারা, সুবচন নির্বাসনে, স্পর্ধা, ঘরে-বাইরে, মেরাজ ফকিরের মা—থিয়েটার (বেইলি রোড) প্রযোজিত এমনই কালজয়ী বেশ কিছু নাটকের পোস্টার ও আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার লবিতে।এই নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন নাট্যজন আবদুল্লাহ আল-মামুন। বেশ কয়েকটি নাটকের রচয়িতাও তিনি। কোনো কোনোটিতে অভিনয়ও করেছেন। আবদুল্লাহ আল-মামুনের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার আয়োজিত তিন দিনব্যাপী জন্মোৎসবের অংশ হিসেবে এসব আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। বাবুল বিশ্বাস সংগৃহীত আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম ‘আবদুল্লাহ আল-মামুন: জীবন ও কর্মবিষয়ক তথ্য প্রদর্শনী’। গতকাল বিকেলে এ প্রদর্শনী উদ্বোধন করেন শিল্প-সমালোচক ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস।প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে একাডেমীর স্টুডিও থিয়েটারে ছিল স্মারক বক্তৃতা ও নাটকের প্রদর্শনী। স্মারক বক্তৃতায় মিজারুল কায়েস বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে, মঞ্চনাটককে নানাভাবে যাঁরা ঋদ্ধ করেছেন, তাঁদের অন্যতম আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশের মঞ্চনাটকের বিকাশে তাঁর ভূমিকা ছিল অনিবার্য। তাঁর সৃষ্টির জনপ্রিয়তা প্রমাণ করে, তিনি আজও কতটা সমকালীন।’ তাঁর মতে, তরুণদের দ্বারা আবদুল্লাহ আল-মামুনের নাটক বেশি বেশি চর্চা হওয়া উচিত।স্মৃতিচারণায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী ও সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ফেরদৌসী মজুমদার, রোকেয়া রফিক বেবী, ত্রপা মজুমদার প্রমুখ।শেষে ছিল নাটক মেরাজ ফকিরের মা। এ নাটকের রচয়িতা ও নির্দেশক আবদুল্লাহ আল-মামুন। পরীক্ষণ থিয়েটার হলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে পান্থ শাহরিয়ার রচিত বারামখানা। কাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে মুক্তি। যুক্তরাষ্ট্রের লি ব্লেসিংয়ের নাটক দি ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে এর ভাবানুবাদ করেন মিজারুল কায়েস। থিয়েটার প্রযোজিত নাটক দুটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।