আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের এনএসডি জয়

১৯৮৫ সালের শেষের দিকে আমি যখন থিয়েটার (তোপখানা) দলের সদস্য হওয়ার জন্য একটি বিশেষ ওয়ার্কশপে যোগ দিই, তখন থেকেই এসএসসির (ন্যাশনাল স্কুল অব ড্রামা দিল্লি) সঙ্গে পরিচিত হই। আমাদের ওয়ার্কশপের সমন্বয়কারী ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। তিনি তখন সদ্য সেখান থেকে শিক্ষা গ্রহণ শেষে দেশে ফিরেছেন। এমনকি আমাদের বেশির ভাগ শিক্ষকই এনএসডি-ফেরত। তখন থেকে এনএডি সম্পর্কে আমার আগ্রহ। একবার সেখানে লেখাপড়া করতে যাওয়ার সব প্রক্রিয়া প্রস্তুত হওয়ার পরও শেষ পর্যন্ত যাওয়া হয়নি। প্রায় সেই সময়ই ঢাকায় প্রতিষ্ঠিত হলো থিয়েটার স্কুল (১৯৯০)। নাটক করার জন্য পদ্ধতিগত শিক্ষা লাভের প্রয়োজন আছে—এই বিবেচনা থেকেই আমি ভর্তি হয়েছিলাম থিয়েটার স্কুলের প্রথম ব্যাচে। এক বছরের কোর্স শেষে পরীক্ষা দিয়ে প্রথম হয়েছিলাম। আমাদের তখন ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় কোর্স প্রযোজনা ছিল রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক। নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন ছিলেন ওই স্কুলের প্রথম অধ্যক্ষ। তাঁর স্মরণে স্কুলটির নাম বদলে রাখা হয় আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল। এই স্কুলের প্রাক্তনীদের নিয়ে একটি দল গঠিত হয়েছে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী’। এই দলের প্রথম প্রযোজনা বুদ্ধদেব বসুর বিখ্যাত কাব্যনাটক প্রথম পার্থ। জয়িতা মহলানবীশের নির্দেশনায় আমাদের প্রথম পার্থ আমন্ত্রণ পায় ১৯তম ভারত রঙ্গমহোত্সবে।
নাটকটির বিষয়বস্তু মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ববর্তী রাতের ঘটনা। কর্ণ-কুন্তী-দ্রৌপদী এবং কৃষ্ণ। আমি এতে কুন্তী চরিত্রে (পঞ্চপাণ্ডবের মা) অভিনয় করি। ঢাকা, ঢাকার বাইরের সিরাজগঞ্জ, কুমিল্লা, দেশের বাইরে কলকাতা ও আগরতলাসহ বিভিন্ন স্থানে ৩২টি প্রদর্শনী মঞ্চস্থ হয়েছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ১৯তম ভারত রঙ্গমহোত্সবে আমাদের এই নাট্য প্রযোজনার আমন্ত্রণ ঢাকার নাট্যামোদীদের অবাক করেছে। আমি ছাড়া এই দলের সবাই নবীন নাট্যকর্মী।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে দিল্লির উৎসব প্রাঙ্গণে পৌঁছে যখন দেখলাম চমৎকার আলোকসজ্জা, বিশাল বোর্ডে বিশ্বের অন্যান্য নাট্যদলের কর্মীদের পাশাপাশি আমাদের দলের সবার ছবি, তখন ভীষণ আনন্দ হয়েছিল। ৭ ফেব্রুয়ারি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার অভিমঞ্চ মিলনায়তনে ছিল আমাদের প্রদর্শনী। এই উৎসবের সব দর্শকই উন্নত নাট্যরুচির দর্শক। সবার নাট্যবিদ্যার মানুষ। সকাল থেকে রাত অবধি নাটকের মধ্যেই তাঁদের বসবাস। এই এনএসডি থেকেই গড়ে উঠেছেন সারা ভারতের বিখ্যাত অভিনেতাদের অধিকাংশই। এমন উচ্চ রুচির দর্শকদের সামনে নাটক করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। এর আনন্দই আলাদা। গিয়েই জানতে পারলাম আমাদের প্রদর্শনীর সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এরপর বিহারের পাটনা শহরে প্রেম চাঁদ মিলনায়তনে ৯ ফেব্রুয়ারি মঞ্চায়িত হয় আমাদের এই নাট্যযাত্রার দ্বিতীয় প্রদর্শনী। এখানেও বিপুল সমাদর হয়েছে আমাদের।
এই নাট্যযাত্রায় আমাদের ১৯ সদস্যের দলপ্রধান হিসেবে ছিলেন আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের অধ্যক্ষ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নির্দেশক জয়িতা মহলানবীশ, থিয়েটার স্কুলের আহ্বায়ক হিসেবে ছিলাম আমি। ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, অভিনেতা নুরজামান রাজা, তানিয়া হোসেন, গোলাম শাহারিয়ার সিক্ত, বাঁধন, পলাশ, মিজান, আরিফ, মুকুল, নাটকের সেট ও লাইট ডিজাইনার হেনড়ী এবং আবহ সংগীত পরিচালক পার্থ বড়ুয়া।