আবদুল্লাহ আল-মামুনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে টেলিভিশনে শুটিং হচ্ছে। এমন সময় খবর এল হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ আল-মামুনের ছেলেটি মারা গেছে। মামুন ডাকলেন কেরামত মাওলাসহ আরও একজনকে। বললেন, ‘তোরা চলে যা। আমি প্যানেলের সব কাজ সেরে আসছি।’ কেরামত মাওলারা হাসপাতালে গিয়ে সব আনুষ্ঠানিকতা সেরে লাশ নিয়ে ফিরলেন। তখন হাজির হলেন বাবা আবদুল্লাহ আল-মামুন।
চিত্র ও অভিনয়শিল্পী কেরামত মাওলা স্মৃতিচারণ করতে গিয়ে বললেন কথাটি। গতকাল শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে তাঁর এই স্মৃতিচারণ আবারও মনে করিয়ে দেয় আবদুল্লাহ আল-মামুন নাটকের জন্য কতটা নিবেদিত ছিলেন।
গত ১২ জুলাই ছিল তাঁর ৭৩তম জন্মবার্ষিকী। সে সময় রমজান মাস ছিল বলে কোনো উৎসবের আয়োজন করা হয়নি। তাই গতকাল আবদুল্লাহ আল-মামুনের জন্মবার্ষিকীর অনুষ্ঠান করল তাঁরই হাতে গড়া নাট্যদল ‘থিয়েটার’। বিকেলে আয়োজনের শুরুতে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো আবদুল্লাহ আল-মামুন স্মারক বক্তৃতা। তাতে ‘আবদুল্লাহ আল-মামুন ও আমাদের সময়ের নাটক’ নিয়ে কথা বলেন শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।
নাট্যজন রামেন্দু মজুমদারের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন আতাউর রহমান, কেরামত মাওলা, ফেরদৌসী মজুমদার, ঝুনা চৌধুরী, জাহিদ রিপন, আকতারুজ্জামান, আপন হাসান, ত্রপা মজুমদারসহ দেশের বিশিষ্ট নাট্যকর্মীরা। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রদর্শিত হয় আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত থিয়েটারের মেরাজ ফকিরের মা। গতকাল ছিল নাটকটির ১৫৮তম প্রদর্শনী।