আবদুল্লাহ আল মামুনের শেষ চলচ্চিত্র কীর্তিময় হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বেয়াইয়ের কীর্তি ছবিতে ফেরদৌস ও পপি
দুই বেয়াইয়ের কীর্তি ছবিতে ফেরদৌস ও পপি

শেষটা অন্য রকম হতে পারত অথবা এমন না-ও হতে পারত; যদি-না তিনি হঠাৎ ২১ আগস্ট ২০০৮ সালে প্রয়াত হতেন। বলছি নাট্য ও টেলিভিশন ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল মামুনকে নিয়ে। তিনি ২০০৭ সালে যে চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন, তা মুক্তি পেল গত ২৯ মে, প্রায় আট বছর পর! চলচ্চিত্রের নাম দুই বেয়াইয়ের কীর্তি। তারকাবহুল এই চলচ্চিত্রকে বলা হচ্ছে আবদুল্লাহ আল মামুনের শেষ চলচ্চিত্র। অনেক আগ্রহ নিয়ে ছবিটি দেখতে গিয়ে হোঁচট খেয়েছি। আবদুল্লাহ আল মামুনের শেষ চলচ্চিত্র হিসেবে প্রচার করে চলচ্চিত্রটি মুক্তি না দিলেই ভালো হতো। কারণ, প্রায় আট বছর আগে প্রয়াত এই মানুষটিকে নিয়ে দর্শকদের মনে যে শ্রদ্ধা ও ভালোবাসা আছে, তা হয়তো এই ছবির জন্য একটি আঘাতের মতো বিষয় হয়ে উঠবে। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতার কেমন পরিকল্পনা ছিল, তা এখন আর জানার উপায় নেই। কিন্তু যে চলচ্চিত্রটি মধুমিতা সিনেমা হলে দেখেছি, তার আঙ্গিকটি কেমন, তা অবশ্যই আলোচনাযোগ্য।
দুই বেয়াইয়ের কীর্তি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রযোজিত চলচ্চিত্র। ফলে এই ছবিটি মূলত ডায়াবেটিস রোগের কারণ এবং এর প্রতিকারের বিষয়কেই গল্পের নির্যাস করে তৈরি হয়েছে। এ ধরনের চলচ্চিত্রকে ‘প্রচারমূলক’ চলচ্চিত্র বলাই শ্রেয়। যদিও সেই গল্পটি খুব নৈপুণ্যের সঙ্গে দাঁড় করানো গেছে, এমনটাও বলা যাবে না। দাদা (আবদুল্লাহ আল মামুন) ও নানার (এ টি এম শামসুজ্জামান) মধ্যে নাতিকে (সার্থক) নিয়ে ভালোবাসার দ্বন্দ্ব হচ্ছে দুই বেয়াইয়ের কীর্তি। দাদা ডাক্তার এবং নানা ফাস্টফুড ব্যবসায়ী। একজন ভালো এবং অন্যজন মন্দ। কারণ, নানা নাতিকে ভালো খাবারের নামে ফাস্টফুডে আসক্ত করে তোলে, যা দাদা চান না। দাদা সমাজে ফাস্টফুড খাবারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির চেষ্টা করেন। নাতির বাবার চরিত্রে ফেরদৌস ও মায়ের চরিত্রে পপি অভিনয় করেছেন। এদের ভাই ও বোনের চরিত্রে নবাগত দুজন শিল্পী অভিনয় করেছেন। একটি বিশেষ (ভালো ভিলেন) চরিত্রে ফেরদৌসী মজুমদারও অভিনয় করেছেন। অতিথি (মানসিক ভারসাম্যহীন স্বামীর) চরিত্রে মীর সাব্বিরকেও দেখা গেছে।
দুই বেয়াইয়ের কীর্তি ছবিতে কেউই চরিত্রানুগ অভিনয় করতে পারেননি। দাদা ও নানার চরিত্রে আবদুল্লাহ আল মামুন এবং এ টি এম শামসুজ্জামান পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এ টি এম শামসুজ্জামানের অভিনয় ছিল ভাঁড়ামোপূর্ণ, যা হাসির উদ্রেক করেনি। অন্যদিকে, বাবার চরিত্রে ফেরদৌস আর মায়ের চরিত্রে পপি ভারসাম্যহীন অভিনয় করেছেন। তাঁদের চরিত্রের মুড গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। একমাত্র ফেরদৌসী মজুমদারের অভিনয় ছিল স্বতঃস্ফূর্ত, কিন্তু তাঁর কণ্ঠে কেন পুরান ঢাকার সংলাপ, তা ছবির কাহিনি থেকে বোঝা যায়নি।
দুই বেয়াইয়ের কীর্তি চলচ্চিত্রটি দেখে মনে হয়েছে, কিছু ছেঁড়াখোঁড়া দৃশ্য পর্দায় ঘুরে বেড়াচ্ছে। দৃশ্যের ধারাবাহিকতা নেই, শব্দের অবস্থা ভীষণ খারাপ এবং অনেক সংলাপ বোঝাই যাচ্ছিল না। বিশেষ করে আবদুল্লাহ আল মামুনের কণ্ঠ যাকে দিয়ে ডাব করানো হয়েছে, তা অতি কর্কশ ও শ্রুতিকটু মনে হয়েছে। চলচ্চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের ক্যামেরা দুয়েকটি গানের দৃশ্যধারণে যত্নশীল হলেও পুরো ছবিতে সেই যত্ন অনুপস্থিত ছিল। চলচ্চিত্রে গানের ব্যবহারও ঠিক মনে হয়নি। ছবিটি শুরু হয়েছিল একটি গান দিয়ে যা চমকে দিয়েছে, মুগ্ধ করেনি। একটি গানের দৃশ্যে প্রয়াত পপগুরু আজম খান, বিপ্লব ও হাসান অভিনয় করেছেন। গানটির ‘খুল যা সিমসিম’ লাইনটি ছাড়া গানের অন্য কথাগুলো সিনেমা হলের শব্দপ্রক্ষেপক যন্ত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। ফলে প্রায় দুই ঘণ্টার এই চলচ্চিত্রটি শেষ পর্যন্ত একটি হতাশাময় সন্ধ্যা উপহার দিয়েছে।
সত্তরের দশকের শেষে যে নির্মাতা সারেং বউ ও এখনই সময় নির্মাণ করেন, তাঁর হাত থেকে দুই বেয়াইয়ের কীর্তির মতো ছবি প্রত্যাশাকে ছোট করে।
লেখক: নির্মাতা ও সংগঠক