আবরামের জন্য শাহরুখের প্রতিদিনই উৎসব!

চলতি বছরের মে মাসে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ছেলে আবরাম খানকে পেয়ে দারুণ খুশি বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা। সম্প্রতি ৪৭ বছর বয়সী এ অভিনেতা জানিয়েছেন, আবরাম তাঁদের পরিবারে আসার পর থেকে প্রতিদিনই উত্সবের আমেজে সময় কাটছে তাঁদের।
এ প্রসঙ্গে শাহরুখের ভাষ্য, ‘আবরাম ঘরে আসার পর প্রতিটি দিনকেই বিশেষ বলে মনে হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন ভালো। তাকে পেয়ে সত্যিই আমরা অনেক খুশি। তার উপস্থিতির কারণে প্রতিদিন যেন উৎসব লেগেই আছে আমাদের ঘরে।’
শাহরুখ গত ২৭ মে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। তৃতীয় সন্তানের বাবা হতে সারোগেসি পদ্ধতির সাহায্য নিয়েছেন তিনি। এ পদ্ধতিতে বাবা-মায়ের অনাগত সন্তানের ভ্রূণ পরিবারের বাইরের কোনো নারীর গর্ভে বেড়ে ওঠে। শুরুতে আবরামের সারোগেট মায়ের পরিচয় গোপন রাখা হলেও পরে জানা যায়, তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন শাহরুখ-গৌরীর নিকটাত্মীয় নমিতা শিবার। গর্ভধারণের ৩৪ সপ্তাহ পর গত ২৭ মে আন্ধেরির মাছরানি হসপিটাল ফর উইমেনে আবরামের জন্ম হয়।
জন্মের পর জটিলতা দেখা দেওয়ায় প্রথমে আবরামকে জুহুর নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত ৪ জুন তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে স্থানান্তর করা হয়। এভাবে মাস খানেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে উঠলে জুলাই মাসের শুরুর দিকে শাহরুখের মান্নাত বাসভবনে নিয়ে যাওয়া হয় আবরামকে।

তৃতীয়বার বাবা হতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হয়েছে শাহরুখকে। সন্তান জন্মের আগেই লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায় তাঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। কারণ, ভারতে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ও বেআইনি। এমনকি শাহরুখের বিরুদ্ধে পিসিপিএনডিটি (প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস) অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে মামলা ঠুকে দেন সমাজকর্মী বর্ষা দেশপান্ডে।
এসব কারণে বাবা হওয়ার পর দুঃখ ও আনন্দের মিশ্র অনুভূতি হচ্ছে বলেই জানিয়েছিলেন শাহরুখ। ব্যক্তিগত বিষয়টি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে তিনি প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হন।
শাহরুখ শুরু থেকেই আবরামকে নিয়ে লুকোচুরি খেলেছেন। জনসমক্ষে আবরামের কোনো ছবি যাতে প্রকাশিত হতে না পারে, তার সব ব্যবস্থাই করেছেন। কিন্তু আবরামকে ক্যামেরাবন্দী করার জন্য অনেক দিন থেকেই ওত পেতে ছিলেন আলোকচিত্রীরা। অবশেষে তাঁরা বিরল সুযোগটি পেয়ে যান এবারের ঈদুল আজহার দিনে।
ঈদের দিন অল্প সময়ের জন্য আবরামকে নিয়ে শাহরুখ খানের মান্নাত বাসভবনের বারান্দায় দাঁড়িয়েছিলেন একজন গৃহপরিচারিকা। ব্যস, মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে ওত পেতে থাকা আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। এভাবেই ক্যামেরাবন্দী করা হয় আবরামকে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বারান্দায় ছোট্ট আবরামকে কোলে নিয়ে তাকে ফিডার খাওয়াচ্ছেন একজন গৃহপরিচারিকা। অবশ্য অনেক দূর থেকে ছবি তোলায় আবরামের চেহারা স্পষ্টভাবে ফুটে ওঠেনি।
দুই সন্তান আরিয়ান (১৫) ও সুহানার (১৩) জন্মের সময় প্রচণ্ড ব্যস্ত থাকায় পিতৃত্ব উপভোগের ফুরসতই মেলেনি শাহরুখের। মূলত এ কারণেই স্ত্রী গৌরী খানের পরামর্শে তৃতীয়বারের মতো বাবা হতে রাজি হন ‘কিং খান’।