আবর্জনার ঝুড়িতে লুকিয়ে পালালেন বিবার!

ফের খবরের শিরোনাম হলেন কানাডীয় ‘টিন সেনসেশন’ জাস্টিন বিবার। সম্প্রতি আবর্জনার ঝুড়িতে চেপে লুকিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছেন বিতর্কিত এ পপ গায়ক।
‘বিলিভ’ বিশ্ব সফরের অংশ হিসেবে বর্তমানে নিজ দেশ কানাডায় অবস্থান করছেন ‘বেবি’ তারকা বিবার। স্থানীয় হ্যাজেলটন হোটেলে উঠেছেন ১৯ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।
হোটেল থেকে বের হওয়ার জন্য অভিনব এক পথ বেছে নেন বিবার। চাইলেই বিলাসবহুল লিমোজিন গাড়িতে চেপে সেখান থেকে বের হতে পারতেন তিনি। কিন্তু আলোকচিত্রীদের হাতে ধরা পড়ে শোরগোল পাকানোর কোনো রকম ইচ্ছে তাঁর ছিল না। এ জন্য সবার চোখ ফাঁকি দিতে তিনি ঢুকে পড়েন চাকাযুক্ত আবর্জনার ঝুড়িতে। এর ভেতর লুকানো বিবারকে হোটেল থেকে বের করে নিয়ে যান তাঁর একজন দেহরক্ষী। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ‘এইসশোবিজ’।

কিন্তু সবার অগোচরে হোটেল থেকে বের হওয়ার চেষ্টায় বিবারের শেষ রক্ষা হয়নি। ঠিকই তিনি ধরা পড়ে যান ক্যামেরার লেন্সে। ছবিটি ফেসবুকেও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, বিবারের একজন দেহরক্ষী চাকাযুক্ত একটি ময়লার ঝুড়ি হোটেল থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
একবার এক সাক্ষাত্কারে বিবার জানিয়েছিলেন, ‘ভক্তদের অনেক অদ্ভুত আচরণের সাক্ষী আমি হয়েছি। এমনকি শুধু আমার ছবি তোলার জন্য ময়লার ঝুড়িতে কয়েকজন মানুষের সারা রাত লুকিয়ে থাকার মতো ঘটনাও ঘটেছে।’ বিবার সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই সম্প্রতি আবর্জনার ঝুড়িতে লুকিয়ে হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করেছেন কি না, তা অবশ্য জানা যায়নি।
ইদানীং উল্টাপাল্টা নানা কীর্তি ঘটিয়ে ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন জাস্টিন বিবার। সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে গালাগাল দিয়ে মুখরোচক খবরের জোগান দেন তিনি। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর তিনি ফোন করে ক্লিনটনের কাছে ক্ষমাও চান। এসব কারণে আপাতত ছুটি নিয়ে তাঁকে মিডিয়ার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। মাইলির সঙ্গে বিবারের বন্ধুত্ব অনেক দিনের। গত মাসে প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে বিবারের চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি মাইলিকে পটানোর চেষ্টা করছেন বলেও খবর চাউর হয়েছে।
মার্কিন মুলুকের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সও বিবারকে জ্ঞানগর্ভ পরামর্শ দিয়েছেন। বিবারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘খ্যাতির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিবারের অনেক বেশি সতর্ক থাকা উচিত।’