আবার অভিনয়ে বাঁধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দেড়েক পর আবার অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। শুরুতেই টেলিছবি, নাম ধ্রুবতারা। আগামী ৪ জুলাই এই টেলিছবির শুটিং হবে কক্সবাজারে। বাঁধন বললেন, ‘গত বছরের অক্টোবর মাসে আমি মা হয়েছি। আমার মেয়ের নাম সায়রা। ওকে বাসায় রেখে শুটিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ওর বয়স আট মাস। টেলিছবিটির পরিচালক চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি শুটিংয়ের সময় সায়রাকে আমার কাছাকাছি রাখার জন্য পরামর্শ দিয়েছেন। তাই আবার অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’বাঁধন জানান, মা হওয়ার পর তাঁর ওজন অনেক বেড়ে গিয়েছিল। এই কয়েক মাসে তিনি ২৩ কেজি ওজন কমিয়েছেন।বাঁধন আরও জানান, জুলাই মাসের শেষ দিকে তিনি চয়নিকা চৌধুরীর আরেকটি নাটকে অভিনয় করবেন। নাম তৃতীয় ব্যক্তি। এই নাটকের কাজ হবে ঢাকায়। টেলিছবিটি লিখেছেন জাকারিয়া সৌখিন আর নাটকটি লিখেছেন অরুণ চৌধুরী। টেলিছবিতে বাঁধনের বিপরীতে অভিনয় করবেন মিলন, নাটকে অপূর্ব।