
ইগি আজালিয়া আলোচিত-সমালোচিত এক নাম। খ্যাতির চূড়ায় বসে নিজের কলকাঠি নাড়ছেন এই অস্ট্রেলিয়ান তারকা। টানা কয়েক সপ্তাহ ধরে বিলবোর্ড টপ চার্টের শীর্ষে থেকে নিজে রয়েছেন স্পটলাইটে। তাঁর প্রথম অ্যালবামের ‘ফ্যান্সি’ দুনিয়াজুড়ে শ্রোতাদের মন কেড়েছে।
আজালিয়ার শুরুটা এমন ছিল না। ফিরে যাই ২০১১ সালে, পরপর দুটি গান ইন্টারনেটে ভাইরাসের মতো ছড়িয়ে পড়লে আজালিয়াকে মানুষ চেনা শুরু করে। এরপর চলতে থাকে র্যাপ, গান ও মডেলিং। তিনি যেন তাঁর পথ চলা শুরু করে দিয়েছিলেন। তারপর সেই যাত্রা যেন এইবার নিজের গন্তব্যের পথে এক বড় কদম ফেলল।
বড় বড় নামীদামি শিল্পীকে পেছনে ফেলে তাঁর একক গান ‘ফ্যান্সি’ মুক্তি পাওয়ার ১২ সপ্তাহের মধ্যে বিলবোর্ডের টপ চার্টে প্রথম স্থানে এখনো ঠায় অবস্থান করছে। প্রায় তিন লাখ ডিজিটাল কপি বিক্রি করে আজালিয়া যেন রানির আসন গেড়েছেন।
এবার সিঁড়ির নিচের ধাপগুলো দেখে নিই
এই সপ্তাহের দ্বিতীয় স্থানে রয়েছে কানাডিয়ান ব্যান্ড ম্যাজিক-এর ‘রুড’। মজার ব্যাপার হলো, এই গান লেখা হয়েছে বাস্তব কাহিনি অবলম্বন করে। ব্যান্ডটির শিল্পী নাসরির সঙ্গে তাঁর প্রেমিকার সম্পর্কে টানাপড়েন চলছিল। কোনো এক সকালে তাঁর প্রেমিকা তাঁর ওপর ক্ষিপ্ত হলে নাসরির মুখ থেকে গানের মতো করে কিছু পঙ্ক্তি বের হয়। তারপর সেই পঙ্ক্তিগুলো নিয়ে কাজ করে আরও বেশ কিছু কথা সংযোজন করার পর গানটি পূর্ণতা পায়। বিলবোর্ড ছাড়াও গানটি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের চার্টে অবস্থান করছে। এরই মধ্যে গত সপ্তাহে তৃতীয় স্থানে থাকা গানটির দুই লাখেরও বেশি ডিজিটাল কপি বিক্রি হয়েছে।
অন্যদিকে আরিয়ানা-আজালিয়ার ‘প্রবলেম’ দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে।
আরিয়ানার এযাবৎকালের সবচেয়ে সফল এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সবার সুনজরে আসে এবং সাত দিনের মাথায় প্রায় সাড়ে চার লাখ কপি বিক্রি করে রেকর্ড গড়ে। এই গানে সহশিল্পী হিসেবে আছেন ইগি আজালিয়া। আজালিয়ার র্যাপ আর আরিয়ানার ৯০ দশকের গানটি নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ছাড়াও অন্যান্য দেশের টপ চার্টে নিজের ঝলকানি দেখাচ্ছে।
নরওয়ের দুই শিল্পী নিকো-ভিঞ্জ-এর ‘অ্যাম আই রং’ আছে চার্টের চতুর্থ স্থানে। পপ ধাঁচের এই গান গত বছর এপ্রিলে মুক্তি পেলেও বিলবোর্ড টপ চার্টে নতুন। মাত্র ১১ সপ্তাহ আগে চার্টে প্রবেশ করে এটি টানা দুই সপ্তাহ ধরে চতুর্থ স্থানেই আছে।
ব্রিটিশ শিল্পী স্যাম স্মিথের নতুন অ্যালবাম ইন দা লোনলি আওয়ার-এর তৃতীয় গান ‘স্টে উইথ মি’ এই সপ্তাহে আছে পঞ্চম স্থানে। নতুন এই গানটি ইতিমধ্যে এয়ারপ্লে খেতাব পেয়ে গেছে। শুরুটা হয়েছিল রেডিওতে, তারপর দুই একটা কনসার্ট আর লাইভ পারফরমেন্স গানটিকে সফলতার পথ দেখাতে শুরু করেছে।
সাফিবিনদোহা