আবার আমিরের ছবিতে ইমরান
তিন বছর বিরতির পর আবার মামুজান আমিরের ছবিতে অভিনয় করেছেন ভাগনে ইমরান খান। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ‘দিল্লি বিল্লি’ নামের এ ছবিটির মুক্তির সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মামুজানের প্রযোজনার এ ছবিটি নিয়ে ভাগনে ইমরান খান বেশ উত্ফুল্ল। দিল্লি বিল্লি ছবিটিতে আমির খানের সঙ্গে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে ইউটিভি মোশন পিকচার্স। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান। আগামী ১ জুলাই ছবিটি মুক্তি পাবে। কাকতালীয়ভাবে হলেও মামার প্রযোজনায় প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’ ছবিটিও মুক্তি পেয়েছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে।বর্তমানে বলিউডের পর্দায় আমির খানের সদর্প উপস্থিতি থাকলেও প্রথমদিকে এটা ছিল ইমরানের জন্য বেশ কষ্টসাধ্য। মামা আমিরই তাঁকে সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছেন। আর এ সুযোগটাকে কাজে লাগিয়ে ভাগনে সফল একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। বলিউড সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন মামু আমিরের এ ছবিটির মাধ্যমে ইমরান আবার নতুন করে নিজেকে মেলে ধরতে পারবেন।বলিউড অভিনেতা ইমরান খানের সর্বশেষ ছবি ব্রেক কি বাদ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এ ছাড়া বর্তমানে তিনি কাজ করছেন মেরি ব্রাদার কি দুলহান এবং শর্টটার্ম শাদিতে। ছবি দুটি মুক্তি পাবে এ বছরের শেষ দিকে।