আবার আলোচনায় ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’
দ্য সোশ্যাল নেটওয়ার্ক আর দ্য কিংস স্পিচ ছবির মধ্যে অস্কার লড়াইটা যে হাড্ডাহাড্ডি হচ্ছে, তাতে এবার আর কোনো সন্দেহ থাকল না। গোল্ডেন গ্লোব আসরে এগিয়ে থেকে বছর শুরু করেছিল দ্য সোশ্যাল নেটওয়ার্ক। এরপর স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ একাধিক পুরস্কার আসরে বাজিমাত করে দ্য কিংস স্পিচ। অস্কারেও ১২টি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে ছবিটি। এবার রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড আসরে সামনের সারির পুরস্কার জিতে নিজের সম্ভাবনা আরেকবার মনে করিয়ে দিল দ্য সোশ্যাল নেটওয়ার্ক। গত রোববার ঘোষিত রাইটার্স গিল্ড আসরে ফেসবুক-স্রষ্টা মার্ক জাকারবার্গকে নিয়ে তৈরি এই ছবিটি জিতেছে সেরা অভিযোজিত চিত্রনাট্যের (বেস্ট অ্যাডেপটেড স্ক্রিন প্লে) পুরস্কার। অন্যদিকে সেরা মৌলিক (অরিজিনাল স্ক্রিন প্লে) চিত্রনাট্যের পুরস্কার জিতেছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ছবি ইনসেপশন। ওয়েবসাইট।