আবার আসছেন দ্বিজেন মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার কাছে অনেকেই ব্যক্তিগতভাবে গান শিখতে আসেন। কিন্তু আমার ছাত্রছাত্রীদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের পরিচয় ছিল না। তাদের সবার যেন নিয়মিত দেখা হয়, সেই ভাবনা থেকে সপ্তাহে এক দিন সবাইকে নিয়ে আলাদা করে বসার উদ্যোগ নিই। বসতে বসতেই একসময় আসে সংগঠন গড়ার ইচ্ছা। একটা নামও পাওয়া গেল, রবিরাগ। সেই থেকে শুরু। সময়টা ছিল ১৯৮৭ সাল।’ রবিরাগ গড়ার শুরুর দিকের কথা বললেন সাদি মহম্মদ। এবার রবীন্দ্রসংগীতের এই সংগঠনের দুই যুগপূর্তি হচ্ছে। এ সময়টাকে আরও রঙিন করে তোলার জন্য দুই দিনের উৎসব আয়োজন করেছে রবিরাগ। আর উৎসবের স্লোগান চূড়ান্ত হয়েছে ‘দুই পারের কানাকানি’। ২০ মার্চ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ২৪টি প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করবেন দ্বিজেন মুখোপাধ্যায়।রবিরাগের পরিচালক সাদি মহম্মদ জানান, শুক্রবার কলকাতা থেকে ঢাকায় আসছেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। সম্প্রতি আরও একবার ঢাকায় এসেছিলেন তিনি। এবার সঙ্গে আসছেন অপলা বসু, মালা দেববর্মণ, ও অচীন মুখোপাধ্যায়।উৎসবের প্রথম দিন থাকছে দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত। সঙ্গে থাকছে ভারতীয় শিল্পীদের পরিবেশনাও। শেষে একক গান পরিবেশন করবেন দ্বিজেন মুখোপাধ্যায়। দ্বিতীয় দিন গান করবে ঢাকার বিভিন্ন সংগঠন। রাত আটটায় শাপমোচন নৃত্যনাট্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল। দুই যুগপূর্তি উৎসব উপলক্ষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাদি বললেন, ‘অনেক প্রতিকূলতা সত্ত্বেও রবীন্দ্রসংগীতচর্চা অব্যাহত রেখেছি। এটাই আমাদের বড় অর্জন।’রবিরাগের দুই যুগপূর্তি অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। এর পৃষ্ঠপোষকতা করছে মীনা বাজার।