আবার উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস আই টুটুল
এস আই টুটুল

এস আই টুটুল প্রথম উপস্থাপনা করেছিলেন আরটিভির ‘আর মিউজিক’ অনুষ্ঠানটি। তাও কয়েক বছর আগের কথা। অনুষ্ঠানটির কথা আর মনে করতে চান না তিনি। কারণ, ওই অনুষ্ঠানের আয়োজকদের নেতিবাচক আচরণের জন্য পরে আর উপস্থাপনার ব্যাপারে আগ্রহী হননি। আবার উপস্থাপনা করতে রাজি হয়েছেন এস আই টুটুল। অনুষ্ঠানের নাম ‘রবি রক অ্যান্ড রিদম’। প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়।
‘রবি রক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানটি শুরু থেকে উপস্থাপনা করছিলেন বাপ্পা মজুমদার। দেশে ও দেশের বাইরে গান নিয়ে নানা ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত তিনি আর এই অনুষ্ঠানে তেমন সময় দিতে পারছিলেন না। এবার যুক্ত হলেন এস আই টুটুল।
এস আই টুটুল বলেন, ‘অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। কিন্তু আমি এটিএন বাংলার কর্তৃপক্ষকে কিছু শর্ত দিয়েছি। এই যেমন এসএমএস সুবিধা থাকবে, কিন্তু ফোনের সুবিধা থাকবে না। দর্শকেরা এসএমএসের মাধ্যমে তাঁদের মতামত আর গানের জন্য অনুরোধ করতে পারবেন। পুরো অনুষ্ঠানে গানের ফাঁকে শিল্পীর সঙ্গে তাঁর সংগীতজীবন আর গান নিয়ে কথা হবে। বাপ্পার মতো আমিও খুব ব্যস্ত। এই ব্যাপারটি কর্তৃপক্ষকে বিবেচনা করতে হবে।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বিলাস খান। আগামী শনিবার থেকে ‘রবি রক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান এস আই টুটুল।