আবার উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আরটিভির ‘আর মিউজিক’ অনুষ্ঠানটি শেষ উপস্থাপনা করেছিলেন ২০০৭ সালে। তখন এ অনুষ্ঠানের ২৬টি পর্ব তৈরি হয়েছিল। মাঝে দীর্ঘ বিরতি। আইয়ুব বাচ্চু আবার উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটিও সেই ‘আর মিউজিক’। তবে এবার অনুষ্ঠানটি নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে। প্রতি পর্বেই থাকছে নতুন আর পুরোনোর সম্মিলন। দুজনই জনপ্রিয় শিল্পী—একজন এ প্রজন্মের, অন্যজন জ্যেষ্ঠ। আর অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে ১৪ জুন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আর মিউজিক’ নতুনভাবে শুরু করার ঘোষণা দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চু এবং আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মিনহাজুর রহমান। আইয়ুব বাচ্চু বলেন, ‘আর মিউজিক প্রথম উপস্থাপনা করার সময় চমৎকার অভিজ্ঞতা হয়েছিল। বরেণ্য এবং জনপ্রিয় বিভিন্ন শিল্পীর গান কাছ থেকে শুনেছি, তাঁদের সঙ্গে গিটার বাজিয়েছি; মাঝেমধ্যে তাঁদের সঙ্গে নিজেও কণ্ঠ দিয়েছি। এবার আমার সঙ্গে থাকছে ছয়জনের একটি বাদ্যযন্ত্রীর দল। একই পর্বে নতুন এবং পুরোনোদের গান শোনা যাবে। এবার নিশ্চয়ই আরও ভালো অভিজ্ঞতা হবে।’