আবার উপস্থাপনায় ঈশানা
আবার উপস্থাপনায় নাম লেখালেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৯ সালের প্রথম রানারআপ ঈশানা। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত এ অনুষ্ঠানের নাম ‘উৎসবে উচ্ছ্বাসে’। গত শুক্রবার বাংলাভিশনের স্টুডিওতে অনুষ্ঠানটির উপস্থাপনায় অংশ নেন ঈশানা।এ প্রসঙ্গে ঈশানা বলেন, ‘এটি আমার দ্বিতীয়বারের মতো কোনো অনুষ্ঠান উপস্থাপনা। কিছুদিন আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড-ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেছিলাম। এটিও ছিল অনুরোধে।’ঈশানা আরও বলেন, ‘এবারের অনুষ্ঠানটির উপস্থাপনাও অনুরোধেই করছি। আমাকে যখন বাংলাভিশন থেকে জানানো হয়, তখন বেশ ভয়েই ছিলাম। পরে অবশ্য অনুষ্ঠানটির প্রযোজক আমাকে বেশ সাহস দেন। একটা সময় যখন শুরু করলাম, তখন স্বাভাবিকভাবেই যেন সবকিছু হয়ে গেল। উপস্থিত সবাই বেশ প্রশংসাও করেছেন।’উপস্থাপনায় নিয়মিত হওয়ার ইচ্ছে আছে কি না জানতে চাইলে ঈশানা বলেন, ‘আপাতত অভিনয় নিয়েই ভাবতে চাই। বর্তমানে আমি বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছি। পাশাপাশি বিজ্ঞাপনের কাজও চলছে।’উৎসবে উচ্ছ্বাসে অনুষ্ঠানে জনপ্রিয় তারকাশিল্পীদের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন রিয়া, ন্যান্সি, সোহাগ, ঈশিতা ও তিনা।ঈশানার উপস্থাপনা ও রেহানা রাহার প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে দেখানো হবে ১ এপ্রিল শুক্রবার রাত আটটা ১৫ মিনিটে।