আবার ঋত্বিক, আবার তিতাস!
ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশনের আর্কাইভ প্রজেক্টে ঠাঁই পেয়েছে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম। সেই সুবাদে ঋত্বিকের যমজ বোন প্রতীতি দেবী জানালেন ‘তিতাস’-এর জন্মরহস্য

অস্কারজয়ী প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসের একটি অনন্য উদ্যোগ—‘ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশন’। অলাভজনক এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০০৭ সালে। এর প্রধান উদ্দেশ্য—বিশ্বের বিভিন্ন দেশের কালজয়ী চলচ্চিত্রগুলো সংরক্ষণ করা।
ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা ছয় বছর আগে শুরু হলেও স্করসেসের মাথায় বিখ্যাত সিনেমাগুলো সংরক্ষণের চিন্তা আসে ২৩ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালে। এ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছেন ফাতেহ আকিন, তোরো, ইনারিতু, আব্বাস কিয়োরাস্তামি, দীপা মেহেতার মতো বিশ্বের বহু গুণী নির্মাতা।
আমাদের জন্য সুখবর—ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশনের আর্কাইভ প্রজেক্টে ঠাঁই পেয়েছে কিংবদন্তিতুল্য বাঙালি নির্মাতা ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম (১৯৭৩)। ছবিটিকে নতুন করে ডিভিডি আকারে বাজারে ছেড়েছে ফাউন্ডেশন। বিস্তারিত জানতে ঢুঁ মারতে পারেন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে (worldcinemafoundation.org)।
তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশেই। এ ছবিটি নির্মাণের পেছনে স্মরণযোগ্য ভূমিকা ছিল ঋত্বিকের যমজ বোন প্রতীতি দেবীর। আমরা যাই প্রতীতি দেবীর কাছে। তাঁর মুখ থেকে ভাইয়ের কালজয়ী সিনেমা নির্মাণের গল্প শুনতে। শান্ত-স্নিগ্ধ হেসে স্মৃতির কপাট খুলে দেন প্রতীতি দেবী। ফিরে যান ৪০ বছর আগে। শোনান বিস্ময়জাগানিয়া এক গল্প।

‘স্বাধীনতার পর এক গভীর রাতে বাড়ির বাবুর্চি এসে বলল, এক লম্বা সাহেব এসেছেন, চিনতে পারছি না। গিয়ে দেখি শার্লক হোমসের মতো কোর্ট-হ্যাট পরা একজন দাঁড়িয়ে। আমি বাবুর্চিকে হেসে বললাম, “এই, দরজা খুলছিস না কেন রে?” কারণ, লোকটা যে ঋত্বিক ঘটক! তখন ও এসেছিল পদ্মা নদীর মাঝি ছবি করতে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশে অবকাঠামোগত সমস্যার কারণে সেটা সম্ভব ছিল না। ও তো একরোখা, খ্যাপাটে স্বভাবের। কিছুতেই বোঝানো যেত না ওকে। না পেরে বললাম, কুমিল্লার দিকে একটা নদী আছে। দেখতে পারিস। তবে সেটা কিছুতেই পদ্মার মতো হবে না।
‘ঋত্বিক নদীটি দেখতে চাইল। নদী দেখতে ২২টা ভাঙা কালভার্ট-সেতু পেরিয়ে কুমিল্লায় পৌঁছালাম। উঠলাম সার্কিট হাউসে। পরদিন ওকে রেখে আমাদের বাড়িতে (শ্বশুর ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি) গেলাম। যুদ্ধের সময় বাড়ি থেকে সব বইখাতা লুট হয়ে গিয়েছিল। স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে ছিল তিতাস একটি নদীর নাম বইটা। কী মনে করে তুলে নিলাম।’
একটু বিরতি নেন প্রতীতি দেবী। খোলা জানালা দিয়ে দোয়াতের কালির মতো নীল আকাশটা দেখেন। এরপর বলেন, ‘সার্কিট হাউসে ফিরে বইটা দিলাম ঋত্বিককে পড়তে। ও রাতে পড়তে শুরু করল। রাত দুটোর সময় চিৎকার করে বলে উঠল—দি আইডিয়া! শিগগির আমায় কাগজ দাও, কলম দাও। বললাম, এত রাতে এসব কোথায় পাব? ও গোঁ ধরল। ওকে লিখতেই হবে। হঠাৎ আমার হাতের ওপর লেখা শুরু করল। এরপর পিঠের ওপর। আমি বললাম, সকালে গোসল করলেই তো সব ধুয়ে যাবে! অবাক চোখে বলল, গোসল! গোসল কেন করবে? ওই সময় সুটকেস থেকে ইস্ত্রি করা আমার একটা শক্ত ধোয়া সাদা শাড়ি বের করলাম। বিস্ময় প্রকাশ করে বলল, এত বুদ্ধি কী করে হলো রে তোর! এরপর সেটিতে লিখতে শুরু করল। ওই শাড়িতেই লেখা হলো তিতাস একটি নদীর নাম ছবির প্রাথমিক চিত্রনাট্য! অনেকে জিজ্ঞেস করেন, শাড়িটা আমার কাছে আছে কি না। ওই শাড়ি যদি আমার কাছেই থাকবে তো ঋত্বিক ছবি করবে কী দিয়ে! স্বাভাবিকভাবে ওটা ও নিয়ে গিয়েছিল।’
প্রতীতি দেবীর স্মৃতির শামুক এগিয়ে চলে। এদিকে আমাদের ওঠার তাড়া। বিদায় দেওয়ার আগে বললেন, ‘ভাইবোন সবাইকেই সাইকেল, গাড়ি, ঘোড়া চালানো শিখতে হতো। এ ক্ষেত্রে ঋত্বিক—ফাঁকিবাজ কাকে বলে! সাইকেল চালানোয় ও আমার থেকে পিছিয়ে থাকত সব সময়।’
আমরা বলি, একটা জায়গায় বোধ হয় দ্রুত করে ফেলেছেন ঋত্বিক ঘটক; একটু আগেভাগেই পাড়ি জমিয়েছেন অসীম শূন্যতায়!