আবার একটু ডুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

শিল্পীকে একটু থামতে হয়। কোথায় এসে থামতে হয়, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ উপলব্ধি। সংগীত অঙ্গনের জনপ্রিয় ধারায় যাঁরা, দেখা গেছে, তাঁরা থামতে ভয় পান। হয়তো বাজার থেকে হারিয়ে যাওয়ার ভয়। তুমুল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার ভয় থেকেও একটু থামাটা জরুরি। ভালো গানগুলোর জন্য শ্রোতারা কিছুতেই তাঁদের প্রিয় শিল্পীকে ভোলেন না। বিশ্ব সংগীত অঙ্গনে অ্যাডেলকে বরাবরই দেখা গেছে, বিরতি দিয়ে করেছেন নতুন অ্যালবাম, লিখেছেন গান।
‘হ্যালো’ গানটি বের হওয়ার পর চারদিকে হইচই পড়ে গেল। দীর্ঘ সময় এই গান আর তার অ্যালবাম থাকল টপ চার্টে। ব্যবসা করল, শ্রোতাদের মন ভরাল—এবার হয়তো আবারও ডুব দেবেন এই শিল্পী। কিছুদিনের জন্য নিজেকে সময় দেবেন, লিখবেন নতুন গান। এ ছাড়া সময় দেবেন নিজের সন্তানকে। পরের অ্যালবামের জন্য প্রাণশক্তি জুগিয়ে গান বাঁধতে চান। দেখা গেছে, খণ্ডকালীন এই স্বেচ্ছা অবসর শিল্পীদের জন্য দারুণ উপাদেয়। এতে নতুন উদ্যমে ভালো কাজ উপহার দেওয়ার সুযোগ তৈরি হয়।
অ্যাডেলের জন্য এই খণ্ডকালীন অবসরে যাওয়া পুরোনো কিছু নয়। এর আগেও টুয়েন্টি ওয়ান অ্যালবাম প্রকাশের কিছুদিন পর তিনি অন্তরালে চলে গিয়েছিলেন। সেই অবসর ছিল চার বছরের। যখন ফিরলেন, সঙ্গে আনলেন ‘হ্যালো’র মতো হৃদয়গ্রাহী গান।
ভক্তদের মনে হতে পারে, অবসর আসলে কেমন? অ্যালবাম করবেন না, কিন্তু কনসার্ট? ঘনিষ্ঠ বন্ধুদের অ্যাডেল বলেছেন, একেবারে সংগীত ভুবনের বাইরেই থাকবেন তিনি। ছেলে অ্যাঞ্জেলো বড় হচ্ছে। তাকে সময় দেওয়া দরকার, তার শৈশবটা উপভোগ করতে তাকে সাহায্য করতে হবে।
তবে যাওয়ার আগে ভক্তদের একটি নতুন গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে তাঁর। চলতি মাসের শুরুর দিকে উত্তর আয়ারল্যান্ডের এক অনুষ্ঠানে তেমনটাই জানিয়েছিলেন তিনি। পাঁচ বছরের অবসর থেকে ফেরা পর্যন্ত ভক্তরা শুনতে থাকুন ‘হোয়েন উই অয়্যার ইয়াং’, ‘ওয়াটার আন্ডার দ্য ব্রিজ’, ‘মিলিয়ন ইয়ারস অ্যাগো’ কিংবা ‘রোলিং ইন দ্য ডিপ’, ‘সামওয়ান লাইক ইউ’, ‘সেট ফায়ার টু দ্য রেইন’ ও ‘হ্যালো’–এর মতো গানগুলো।
রাসেল মাহমুদ
ফিমেল ফার্স্ট অবলম্বনে